পুনর্বাসনের ব্যবস্থা না করে গাজীপুরের টঙ্গীর হাজির মাজার বস্তি উচ্ছেদের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেছেন বস্তিবাসীরা। উচ্ছেদের আগে বিকল্প বাসস্থানের ব্যবস্থা এবং চিহ্নিত মাদক ব্যবসায়ী নুরু মিয়াকে গ্রেপ্তারের দাবি জানান তারা।
আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে টঙ্গী বাজার এলাকায় জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন বস্তিবাসীরা। পরে সকাল সাড়ে ৯টা থেকে ১০টা পর্যন্ত ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিআরটি ফ্লাইওভারের ওপরের লেন অবরোধ করে বিক্ষোভ মিছিল করেন তারা। এ সময় পুনর্বাসনের দাবিতে বিভিন্ন স্লোগান দেন বিক্ষুব্ধ বস্তিবাসীরা।
বিক্ষোভকারীদের দাবি, পুরো বস্তিকে মাদকের স্পট হিসেবে আখ্যা দিয়ে উচ্ছেদ করায় শত শত নিরীহ পরিবার এখন আশ্রয়হীন হয়ে পড়েছে। অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হলে তাদের কোনো আপত্তি নেই। তবে নিরীহ পরিবারগুলোকে উচ্ছেদের আগে তাদের পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। পাশাপাশি উচ্ছেদ করা জমি কোনো বাণিজ্যিক প্রতিষ্ঠানের কাছে হস্তান্তর করা হলে তা মেনে নেওয়া হবে না বলেও জানান তারা।
উল্লেখ্য, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও মাদক নির্মূলের অংশ হিসেবে পুলিশ ও রাজউকের যৌথ উদ্যোগে সম্প্রতি হাজির মাজার বস্তিতে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
বিক্ষোভ ও অবরোধের কারণে ফ্লাইওভারে সাময়িক যানজটের সৃষ্টি হয়। পরে টঙ্গী পশ্চিম থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে বস্তিবাসীদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।