বাপেক্সকে পঙ্গু করে রাখায় আজকের জ্বালানি সংকট: প্রধানমন্ত্রী

ভোরের ডাক ডেস্ক

জাতীয়

দেশের বর্তমান জ্বালানি সংকটের জন্য বিগত আওয়ামী লীগ সরকারের সময় সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেডকে (বাপেক্স)

2026-09-02T17:25:59+00:00
2026-09-02T17:25:59+00:00
  বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬,
১৯ ভাদ্র ১৪৩৩
 
বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
জাতীয়
বাপেক্সকে পঙ্গু করে রাখায় আজকের জ্বালানি সংকট: প্রধানমন্ত্রী
ভোরের ডাক ডেস্ক
বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬, ৫:২৫ পিএম 
সংগৃহীত ছবি
দেশের বর্তমান জ্বালানি সংকটের জন্য বিগত আওয়ামী লীগ সরকারের সময় সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেডকে (বাপেক্স) দুর্বল করে রাখাকে দায়ী করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার (২ সেপ্টেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের তৃতীয় দিন প্রশ্নোত্তর পর্বে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সেলিনা সুলতানার প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, বিগত সরকারের সময়ে বাপেক্সকে কার্যত অকার্যকর করে রাখা হয়েছিল। পর্যাপ্ত গ্যাস অনুসন্ধান না হওয়া এবং আমদানিনির্ভরতার কারণে বর্তমান জ্বালানি সংকট তৈরি হয়েছে।

তিনি জানান, সংকট মোকাবিলায় সরকার সমন্বিত কর্মপরিকল্পনা নিয়েছে। দেশীয় গ্যাস উৎপাদন বাড়াতে ১০টি কূপ খনন ও ওয়ার্কওভারের কর্মসূচির আওতায় ইতোমধ্যে ৩০টি কূপ খনন সম্পন্ন হয়েছে। এসব কূপ থেকে প্রায় ৪৫০ মিলিয়ন ঘনফুট গ্যাস প্রতিদিন জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে।

চলমান সাতটি কূপের খনন শেষ হলে আরও প্রায় ৮৫ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হবে বলে জানান প্রধানমন্ত্রী। বাকি কূপগুলো খননের জন্য পর্যায়ক্রমে প্রকল্প নেওয়া হচ্ছে।

প্রধানমন্ত্রী বলেন, দেশীয় গ্যাসের নতুন উৎস অনুসন্ধানে ৫ হাজার ৬০০ লাইন কিলোমিটার ২ডি সাইসমিক সার্ভে এবং ৪ হাজার ২০০ বর্গকিলোমিটার ৩ডি সাইসমিক সার্ভে পরিচালনার কর্মপরিকল্পনা নেওয়া হয়েছে।

বাপেক্সকে আরও শক্তিশালী করতে দুটি নতুন রিগ কেনার প্রক্রিয়াও চলছে বলে জানান তিনি। দেশের অনশোর ও অফশোর এলাকায় গ্যাস অনুসন্ধানের সক্ষমতা বাড়াতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি আরও জানান, অফশোর মডেল পিএসসি-২০২৬ অনুমোদনের পর বিড রাউন্ড আহ্বান করা হয়েছে। পাশাপাশি আরেকটি অফশোর মডেল পিএসসি অনুমোদনের প্রক্রিয়াও চলছে। অফশোর ও অনশোরে নতুন গ্যাসের সন্ধান মিললে তা দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

জ্বালানি সরবরাহ বাড়াতে এলএনজি অবকাঠামো সম্প্রসারণের উদ্যোগের কথাও সংসদে তুলে ধরেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, কক্সবাজারের মহেশখালীর গভীর সমুদ্রে কুতুবজোম এলাকায় ভাসমান এলএনজি টার্মিনাল স্থাপনের জন্য আগ্রহী প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা চলছে। ২০২৮ সালের ডিসেম্বরের মধ্যে ওই টার্মিনাল থেকে রিগ্যাসিফাইড এলএনজি বা গ্যাস সরবরাহ শুরু করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।

এতে আগামী দুই বছরের মধ্যে এলএনজি আমদানি আরও ৬০০ মিলিয়ন ঘনফুট প্রতিদিন বাড়বে বলে জানান তিনি।

এ ছাড়া পায়রা বা মোংলা বন্দর এলাকা অথবা দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের উপকূলে জরুরি ভিত্তিতে আরও এক থেকে দুটি ভাসমান এলএনজি টার্মিনাল স্থাপনের সম্ভাব্যতা যাচাইয়ের উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রীর মতে, প্রস্তাবিত এসব টার্মিনাল স্থাপন করা গেলে দেশে গ্যাসের সরবরাহ বাড়ার পাশাপাশি সামগ্রিক জ্বালানি নিরাপত্তাও আরও শক্তিশালী হবে।


Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: