প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের অনুকূল পরিবেশ তৈরি হয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বলেছেন, সফরের সিদ্ধান্ত সম্পূর্ণ প্রধানমন্ত্রীর ওপর নির্ভর করছে।
তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী একজন বুদ্ধিমান মানুষ। তিনি জনগণের নেতা। তাই বিষয়টি প্রধানমন্ত্রীর ওপরই ছেড়ে দেওয়া উচিত।’
বুধবার (২ সেপ্টেম্বর) জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন ও ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
দুই দেশের সম্পর্ক প্রসঙ্গে ভারতীয় হাইকমিশনার বলেন, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখার ক্ষেত্রে যা প্রয়োজন, তা করার বিষয়ে দুই পক্ষেরই আগ্রহ রয়েছে। তার মতে, উভয় দেশের অভিপ্রায় জনগণকেন্দ্রিক হলে প্রয়োজনীয় বিষয়গুলো সময়ের সঙ্গে এগিয়ে যাবে।
গণতন্ত্রে আলোচনার গুরুত্ব তুলে ধরে দীনেশ ত্রিবেদী বলেন, গণতান্ত্রিক ব্যবস্থায় আলোচনার কোনো শেষ নেই। আলোচনা সবসময় চলমান থাকে। এটি গঙ্গা-পদ্মার মতো বহমান নদীর স্রোতের সঙ্গে তুলনা করে তিনি বলেন, নদীর প্রবাহ যেমন থেমে থাকে না, গণতন্ত্রের আলোচনাও তেমনি চলতে থাকে।
তিনি বলেন, ‘আমি আশাবাদী এবং আত্মবিশ্বাসী। এটাই গণতন্ত্রের প্রক্রিয়া এবং এই প্রক্রিয়া সবসময় চলতে থাকবে।’
এ সময় ভারতীয় হাইকমিশনার জাতীয় সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকারকে ভারত সফরের আমন্ত্রণ জানান।