স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে ভোটার এলাকা পরিবর্তনের সুযোগ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আবাসস্থল পরিবর্তনের কারণে ভোটার স্থানান্তরের জন্য আগামী ৭ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করা যাবে।
বুধবার (২ সেপ্টেম্বর) ইসির সিনিয়র সহকারী সচিব মো. নাসির উদ্দিন চৌধুরীর স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।
ইসির নির্ধারিত সময়সূচি অনুযায়ী, আবাসস্থল পরিবর্তনের কারণে ভোটার স্থানান্তরের আবেদন জমা দেওয়ার শেষ সময় ৭ সেপ্টেম্বর। দাখিল করা আবেদন ইস্যুর শেষ তারিখ ৯ সেপ্টেম্বর এবং ভোটার স্থানান্তরের জন্য জমা পড়া আবেদন নিষ্পত্তির শেষ তারিখ ১০ সেপ্টেম্বর।
চিঠিতে বলা হয়েছে, স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর নির্বাচন উপলক্ষে আবাসস্থল পরিবর্তনের কারণে ভোটার স্থানান্তরের আবেদন গ্রহণ, ইস্যু ও নিষ্পত্তির জন্য সময়সীমা নির্ধারণ করেছে নির্বাচন কমিশন।
নির্ধারিত সময়ের মধ্যে আবেদনকারীদের ভোটার এলাকা পরিবর্তনের আবেদন সংশ্লিষ্ট প্রক্রিয়া অনুসরণ করে জমা দিতে হবে। ৭ সেপ্টেম্বরের পর এ সংক্রান্ত আবেদন গ্রহণ করা হবে না বলে জানিয়েছে নির্বাচন কমিশন।