দেশে বিদ্যুৎ ও জ্বালানি নিয়ে যে সাময়িক সংকট তৈরি হয়েছে, তা পতিত শাসকগোষ্ঠী তৈরি করে গেছে বলে মন্তব্য করেছেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে ফরিদপুরের সদরপুর উপজেলা পরিষদ চত্বরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
শহিদুল ইসলাম বাবুল বলেন, বিদ্যুৎ ও জ্বালানি নিয়ে যে সাময়িক সমস্যার সৃষ্টি হয়েছে, তা পতিত শাসকগোষ্ঠী তৈরি করে গেছে। এই সমস্যা আমরা তৈরি করিনি।
তিনি বলেন, জনগণের সাময়িক কষ্টের জন্য তিনি দুঃখিত। সরকার এ সমস্যা সমাধানে কাজ করছে। ইনশাআল্লাহ, দেশে বিদ্যুৎ ও জ্বালানির কোনো সমস্যা থাকবে না।
বিএনপির প্রতিষ্ঠার প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, বাংলাদেশের মাটি ও মানুষের নির্যাস নিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠা করেছিলেন। ষড়যন্ত্রকারীরা জিয়াউর রহমানকে হত্যার পর বিএনপি নিশ্চিহ্ন হয়ে যাবে বলে মনে করেছিল। কিন্তু বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে ধ্বংসস্তূপ থেকে বিএনপি আবারও কোটি কোটি মানুষের ভালোবাসার দলে পরিণত হয়েছে।
শহিদুল ইসলাম বাবুল আরও বলেন, বিএনপি কখনো বাংলাদেশের মানুষের বিরুদ্ধে যায়নি। ১৯৭১, ১৯৯০ ও ২০২৪—সব ক্ষেত্রেই বিএনপির ভূমিকা রয়েছে বলেও দাবি করেন তিনি।
আওয়ামী লীগকে উদ্দেশ করে তিনি বলেন, বাংলাদেশ থেকে মানুষ হত্যা ও হাজার হাজার কোটি টাকা পাচার করে পালিয়ে গিয়ে আবার দেশে ফেরার স্বপ্ন দেখছে তারা। ইতিহাসে এমন কোনো দলের নজির নেই, যারা পালিয়ে যাওয়ার দুই মাস পর দেশে ফিরে এসে ক্ষমতা দখল করেছে।
সদরপুর উপজেলা বিএনপি আয়োজিত প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে আরও বক্তব্য দেন উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী বদরুতজ্জামান বদু, সদস্যসচিব তরিকুল ইসলাম কবির মোল্যা প্রমুখ।
কর্মসূচিতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের পাঁচ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।