দক্ষিণী সিনেমায় নিজের সৌন্দর্য ও অভিনয় দিয়ে নজর কেড়েছেন প্রীতি মুখুন্ধন। এবার সেই পরিচিতি আরও বড় পরিসরে ছড়িয়ে দিতে বলিউডে অভিষেক হতে যাচ্ছে এই তরুণ অভিনেত্রীর। প্রথম হিন্দি সিনেমাতেই বর্তমান সময়ের জনপ্রিয় তারকা কার্তিক আরিয়ানের সঙ্গে পর্দা ভাগ করবেন তিনি।
বলিউডের আলোচিত প্রযোজনা প্রতিষ্ঠান ধর্মা প্রোডাকশনসের নতুন সিনেমা ‘নাগজিলা’-তে দেখা যাবে প্রীতিকে। সিনেমাটি পরিচালনা করবেন মৃগদীপ সিং লাম্বা। ফ্যান্টাসি ও কমেডির মিশেলে নির্মিত এই সিনেমায় কার্তিক আরিয়ান থাকছেন কেন্দ্রীয় চরিত্রে।
প্রীতির বলিউড অভিষেকের খবর প্রকাশ্যে আসতেই নেটদুনিয়ায় শুরু হয়েছে আলোচনা। দক্ষিণী সিনেমার দর্শকদের কাছে ইতোমধ্যেই পরিচিত মুখ এই অভিনেত্রী এবার হিন্দি সিনেমার দর্শকদের কতটা মুগ্ধ করতে পারেন, তা নিয়েই তৈরি হয়েছে কৌতূহল।
ইঞ্জিনিয়ারিং ছেড়ে অভিনয়ে
২০০১ সালে তামিলনাড়ুর তিরুচিরাপল্লিতে জন্ম প্রীতি মুখুন্ধনের। পড়াশোনায় মেধাবী হলেও ছোটবেলা থেকেই নাচ ও সংস্কৃতির প্রতি ছিল তাঁর বিশেষ আগ্রহ। ইঞ্জিনিয়ারিং পড়াশোনা শেষ করেও শেষ পর্যন্ত বেছে নেন অভিনয় ও বিনোদন জগতের পথ।
দক্ষিণী সিনেমায় কাজের মাধ্যমে অল্প সময়েই নজরে আসেন তিনি। ২০২৪ সালে ‘ওম ভীম বুশ’ ও ‘কান্নাপ্পা’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে বড় পরিসরে পরিচিতি পান প্রীতি।
পরবর্তীতে ‘সর্বম মায়া’সহ বিভিন্ন সিনেমায় কাজ করে নিজের অবস্থান আরও শক্ত করেন। দক্ষিণী ইন্ডাস্ট্রির একাধিক জনপ্রিয় তারকার সঙ্গেও পর্দায় দেখা গেছে তাঁকে।
এবার বলিউডে বড় পরীক্ষা
দক্ষিণী সিনেমায় পরিচিতি পাওয়ার পর এবার বলিউডে পা রাখতে যাচ্ছেন ২৫ বছর বয়সী এই অভিনেত্রী। আর অভিষেকেই কার্তিক আরিয়ানের মতো জনপ্রিয় তারকার বিপরীতে সুযোগ পাওয়ায় সিনেমাটি ঘিরে প্রত্যাশাও বাড়ছে।
‘নাগজিলা’তে প্রীতির চরিত্র ও গল্পের বিস্তারিত এখনো পুরোপুরি প্রকাশ করা হয়নি। তবে সিনেমাটির ফ্যান্টাসি-কমেডি ঘরানা এবং বড় তারকাদের উপস্থিতির কারণে এটি বলিউডের আলোচিত প্রকল্পগুলোর একটি হয়ে উঠতে পারে বলে মনে করছেন অনেকে।
পরিকল্পনা অনুযায়ী, আগামী বছরের নাগ পঞ্চমীতে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা ‘নাগজিলা’র। এখন দেখার বিষয়, দক্ষিণের পর বলিউডেও নিজের দ্যুতি ছড়াতে পারেন কি না এই নতুন মুখ।