যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী সফলভাবে উদযাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩১ আগস্ট) বিকেল ৫টায় বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির দলীয় কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়।
সভায় বক্তারা বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রতিষ্ঠিত হয়। দীর্ঘ সময় ধরে নানা প্রতিকূলতার মধ্যেও দলের নেতাকর্মীরা সাংগঠনিক কার্যক্রম চালিয়ে গেছেন।
বক্তারা আরও বলেন, গত ১৬-১৭ বছর ধরে রাজনৈতিক প্রতিকূলতার কারণে দলীয়ভাবে প্রতিষ্ঠাবার্ষিকী পালনের সুযোগ সীমিত ছিল। বর্তমানে সেই পরিস্থিতির পরিবর্তন হয়েছে। আগামী দিনে দলের সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেন তারা।
সভায় আগামী ১ সেপ্টেম্বর শার্শা উপজেলা বিএনপির নির্ধারিত প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি এবং ৪ সেপ্টেম্বর বাগআঁচড়া হাইস্কুল মাঠে অনুষ্ঠেয় বৃহৎ আলোচনা সভা সফল করতে দলের সর্বস্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. কুদ্দুস আলী বিশ্বাস।
বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আসাদুজ্জামান মিঠুর সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক আলমগীর কবির আলম, প্রচার সম্পাদক নাজমুল হুদা, সহসভাপতি আমির হোসেন ঢালি ও মোনায়েম হোসেন, সহ-স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক হাচান মোড়ল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাকিবুল হাসান রিপন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসানসহ বাগআঁচড়া ইউনিয়নের ৯টি ওয়ার্ডের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।