টাঙ্গাইলের সখীপুরে গোয়ালঘরের দেয়াল ভেঙে চারটি গাভী ও তিনটি মহিষ চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। সোমবার (৩১ আগস্ট) ভোররাতের দিকে সখীপুর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের প্রতিমাবংকী এলাকায় এ ঘটনা ঘটে।
চুরি যাওয়া সাতটি গবাদিপশুর আনুমানিক বাজারমূল্য ১৪ থেকে ১৫ লাখ টাকা বলে জানিয়েছেন খামার মালিক বিল্লাল হোসেন। তিনি সখীপুর বাজার বহুমুখী সমবায় সমিতির সভাপতি।
খামারে কর্মরত মনির হোসেন জানান, রবিবার রাতে প্রতিদিনের মতো গবাদিপশুগুলোকে খাবার দিয়ে গোয়ালঘরে রেখে তারা ঘুমিয়ে পড়েন। রাত আনুমানিক ৩টার দিকে গরুর পায়ের শব্দে তাঁর ঘুম ভেঙে যায়।
তিনি দ্রুত বাইরে বের হওয়ার চেষ্টা করলে দেখতে পান, গোয়ালের দরজায় বাইরে থেকে তালা দেওয়া। এ অবস্থায় তিনি চিৎকার শুরু করেন। পরে পরিবারের সদস্যরা ঘুম থেকে উঠে গোয়ালে গিয়ে দেখতে পান চারটি গাভী ও তিনটি মহিষ নেই। আশপাশের এলাকায় খোঁজাখুঁজি করেও গবাদিপশুগুলোর কোনো সন্ধান পাওয়া যায়নি।
খামার মালিক বিল্লাল হোসেন বলেন, ‘এটি আমার বাড়িতে প্রথম চুরির ঘটনা নয়। প্রায় দুই বছর আগেও পাঁচটি গাভী চুরি হয়েছিল। সেই ক্ষতি সামলে ওঠার আগেই এবার সাতটি গবাদিপশু চুরি হয়ে গেল। এতে আমি বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছি।’
একই বাড়িতে বারবার গবাদিপশু চুরির ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও নিরাপত্তাহীনতা দেখা দিয়েছে। তাদের ধারণা, সংঘবদ্ধ কোনো চোরচক্র পরিকল্পিতভাবে এসব চুরির সঙ্গে জড়িত থাকতে পারে। দ্রুত চক্রটিকে শনাক্ত করে গ্রেপ্তার এবং চুরি যাওয়া গবাদিপশু উদ্ধারের দাবি জানিয়েছেন তারা।
সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুরাদ হোসেন বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ তৎপরতা শুরু করেছে। চুরি যাওয়া গবাদিপশু উদ্ধারের পাশাপাশি জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।