
নিরাপত্তাঝুঁকি বেড়ে যাওয়ায় জাহাজ পরিচালনাকারী প্রতিষ্ঠানগুলো প্রণালিটি ব্যবহারে বাড়তি সতর্কতা অবলম্বন করছে। এ কারণেই জাহাজ চলাচলে এমন বড় ধরনের কমতি দেখা দিয়েছে বলে ধারণা করা হচ্ছে।
তবে প্রকৃতপক্ষে হরমুজ দিয়ে যাওয়া জাহাজের সংখ্যা পাঁচটির চেয়ে বেশি হতে পারে। কারণ, হামলা বা শনাক্তকরণের ঝুঁকি এড়াতে কিছু জাহাজ তাদের স্বয়ংক্রিয় শনাক্তকরণ ব্যবস্থা (এআইএস) বন্ধ করে চলাচল করছে।
পণ্যবাণিজ্যবিষয়ক প্রতিষ্ঠান কেপলারের তথ্য অনুযায়ী, সপ্তাহান্তে হরমুজ প্রণালি দিয়ে যেসব জাহাজের চলাচল শনাক্ত করা গেছে, সেগুলো তুলনামূলক ছোট আকারের। এর মধ্যে দুটি ছিল তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) পরিবহনকারী জাহাজ।
জাহাজ চলাচলের তথ্য অনুযায়ী, একটি এলপিজি ট্যাংকার ইরানের দিকের পথ ব্যবহার করে প্রণালি থেকে বেরিয়ে যায়। অন্যটি রাতের বেলায় প্রণালি অতিক্রম করে ভারতের দিকে রওনা হয়।
এর আগে শুক্রবার হরমুজ প্রণালি দিয়ে মোট ১৪টি জাহাজ চলাচলের তথ্য পাওয়া যায়। এসব জাহাজের মধ্যে একটি ছিল কাতারি অপরিশোধিত তেলবোঝাই বিশাল ট্যাংকার। জাহাজটিতে প্রায় ২০ লাখ ব্যারেল তেল ছিল। প্রণালি থেকে বের হওয়ার সময় সেটি অবস্থান শনাক্তকারী ট্রান্সপন্ডার বন্ধ রেখেছিল।
এদিকে যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) জানিয়েছে, শনিবার হরমুজ প্রণালি অতিক্রমের সময় একটি ট্যাংকার অজ্ঞাত কোনো ক্ষেপণাস্ত্র বা প্রজেক্টাইলের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে। এক সপ্তাহের মধ্যে প্রণালিটিতে এটি তৃতীয় হামলার ঘটনা বলে জানিয়েছে সংস্থাটি।
হরমুজ প্রণালির কাছাকাছি ইরানের লারাক দ্বীপেও উত্তেজনা ছড়িয়েছে। রোববার সেখানে যুক্তরাষ্ট্র হামলা চালায়। এক মাসেরও বেশি সময় পর ইরানের ভূখণ্ডে যুক্তরাষ্ট্রের এ ধরনের প্রথম হামলা এটি।
হামলায় সেনা ও বেসামরিক মানুষ হতাহত হয়েছে বলে ইরানের পক্ষ থেকে জানানো হয়। এর পরপরই যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেয় ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)।
রোববার দিবাগত রাতে জর্ডানে মার্কিন সামরিক স্থাপনায় হামলা চালানোর দাবিও করে ইরান। এর পরদিন সোমবার জর্ডানের সামরিক বাহিনী জানায়, দেশটির আকাশসীমায় প্রবেশ করা আটটি ক্ষেপণাস্ত্র তাদের আকাশ প্রতিরক্ষাব্যবস্থার মাধ্যমে ভূপাতিত করা হয়েছে।
হরমুজ প্রণালি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হওয়ায় সেখানে জাহাজ চলাচল কমে যাওয়ার ঘটনা আন্তর্জাতিক তেল ও গ্যাস সরবরাহের ওপর নতুন করে উদ্বেগ তৈরি করেছে।