
৪০তম ফোবানা সম্মেলনে যোগ দিতে শনিবার (২৯ আগস্ট) যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে পৌঁছেছেন বাংলাদেশের শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।
শনিবার দুপুরে লস অ্যাঞ্জেলেস আন্তর্জাতিক বিমানবন্দরে মন্ত্রীকে ফুল দিয়ে স্বাগত জানান ফোবানা হোস্ট কমিটির কনভেনর ড. জয়নাল আবেদীন, টাইটেল স্পন্সর মুনিরুল ইসলাম, চিফ প্যাট্রন শিপার চৌধুরীসহ হোস্ট কমিটির নেতৃবৃন্দ। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ক্যালিফোর্নিয়া (বাক)-এর পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করেছেন ৪০তম ফোবানা সম্মেলনের আহ্বায়ক ড. জয়নাল আবেদীন।
এ সময় লস অ্যাঞ্জেলেসে বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল কাজী মুহাম্মদ জাবেদ ইকবাল, ক্যালিফোর্নিয়া বিএনপির সভাপতি বদরুল আলম চৌধুরী শিপলু, সাধারণ সম্পাদক এম. ওয়াহিদ রহমান, জালালাবাদ অ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুল মুনিম, সাধারণ সম্পাদক লায়েক আহমেদ, বাংলাদেশ ইউনিটি ফেডারেশন অব লস অ্যাঞ্জেলেসের (বাফলা) সাধারণ সম্পাদক নাসির সৈয়দ জেবুলসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং মন্ত্রীর নিকটাত্মীয়রা উপস্থিত ছিলেন।
ফোবানা নির্বাহী কমিটির চেয়ারপারসন রবিউল করিম বেলাল ও সচিব খালেদ আহমেদ রউফ জানান, আগামী ৪ থেকে ৬ সেপ্টেম্বর ক্যালিফোর্নিয়ার ইউনিভার্সাল সিটির হিলটন লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিতব্য উত্তর আমেরিকায় বাংলাদেশিদের বৃহত্তম সংগঠন ফেডারেশন অব বাংলাদেশি অ্যাসোসিয়েশনস ইন নর্থ আমেরিকা (ফোবানা)-এর ৪০তম সম্মেলনে প্রধান অতিথি হিসেবে অংশ নেবেন মন্ত্রী।
৪০তম ফোবানা সম্মেলনের আহ্বায়ক ড. জয়নাল আবেদীন জানান, আগামী লেবার ডে সপ্তাহান্তে ৪ থেকে ৬ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য সম্মেলনের সব প্রস্তুতি প্রায় সম্পন্ন হয়েছে। এবারের সম্মেলনের আয়োজক সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ক্যালিফোর্নিয়া (বাক)। সম্মেলন সফল করতে আয়োজক সংগঠন ও ফোবানা নির্বাহী কমিটির বিভিন্ন উপকমিটির শতাধিক কর্মী দিনরাত কাজ করছেন।
তিনি বলেন, এবারের ফোবানা সম্মেলনকে ইতিহাসের সাক্ষী করতেই এমন একটি ভেন্যু নির্বাচন করা হয়েছে, যেখানে বিশ্বের বিভিন্ন প্রান্তের পর্যটকদের সারাক্ষণ ভিড় থাকে। লস অ্যাঞ্জেলেসের ইউনিভার্সাল সিটি বিনোদন শিল্পের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র। সেখানে ইতিহাস, আধুনিক আকর্ষণ ও সাংস্কৃতিক অভিজ্ঞতার অনন্য সমন্বয় রয়েছে।
সম্মেলনে আগত অতিথি ও দর্শনারীরা ইউনিভার্সাল সিটিতে অবস্থিত ইউনিভার্সাল স্টুডিওস হলিউড উপভোগ করতে পারবেন। সেখানে বিখ্যাত স্টুডিও ট্যুর, দ্য উইজার্ডিং ওয়ার্ল্ড অব হ্যারি পটার-এর জাদুকরী পরিবেশ এবং রোমাঞ্চকর ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’ রাইড উপভোগের সুযোগ রয়েছে।
আয়োজক সংগঠন ও ফোবানা নির্বাহী কমিটির নেতারা আগামী ৪ থেকে ৬ সেপ্টেম্বর ক্যালিফোর্নিয়ার ইউনিভার্সাল সিটির হিলটন লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিতব্য ৪০তম ফোবানা সম্মেলনে অংশ নিতে বাংলা সংস্কৃতিপ্রেমী সব প্রবাসীকে আমন্ত্রণ জানিয়েছেন।