ইউরোপের মাটিতে পারমাণবিক অস্ত্র ব্যবহারের বিষয়টি যুক্তরাষ্ট্রের সামরিক পরিকল্পনাকারীরা গুরুত্ব দিয়ে বিবেচনা করছে—এমন বিস্ফোরক দাবি করেছে রাশিয়া।
রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ দূত আন্দ্রে বেলোউসভ আন্তর্জাতিক গণমাধ্যম আরটিকে দেওয়া এক সাক্ষাৎকারে এ দাবি করেন।
বেলোউসভের অভিযোগ, রাশিয়ার ছোট বা তুলনামূলক কম ক্ষমতাসম্পন্ন পারমাণবিক অস্ত্র নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে যুক্তরাষ্ট্র বারবার প্রশ্ন তুললেও এর পেছনে অন্য উদ্দেশ্য রয়েছে। তার দাবি, ইউরোপে মোতায়েন থাকা যুক্তরাষ্ট্রের পারমাণবিক অস্ত্র এবং নতুন ক্ষেপণাস্ত্র তৈরির পরিকল্পনা থেকে বিশ্ববাসীর দৃষ্টি সরাতেই ওয়াশিংটন রাশিয়ার অস্ত্রভাণ্ডার নিয়ে উদ্বেগ প্রকাশ করছে।
রুশ এই কূটনীতিক বলেন, রাশিয়া যেসব সাধারণ বা ছোট আকারের পারমাণবিক অস্ত্র তৈরি করেছে, সেগুলো যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডের জন্য সরাসরি হুমকি নয়। অথচ এসব অস্ত্র নিয়েই যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক বিভিন্ন ফোরামে বারবার আলোচনা করছে।
তার ভাষ্য, আলোচনার নামে রাশিয়ার পারমাণবিক অস্ত্রের বিস্তারিত তথ্য জানার চেষ্টা করছে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা। পরে এসব অস্ত্র ধ্বংসের দিকে নিয়ে যাওয়াই তাদের লক্ষ্য হতে পারে।
বেলোউসভ আরও দাবি করেন, রাশিয়া যদি নিজেদের পারমাণবিক প্রতিরোধ সক্ষমতা কমিয়ে দেয়, তাহলে ইউরোপে যুক্তরাষ্ট্রের পারমাণবিক অস্ত্র ব্যবহারের ঝুঁকি আরও বেড়ে যাবে।
তিনি অভিযোগ করেন, নিজেদের ভূরাজনৈতিক স্বার্থ হাসিল করতে যুক্তরাষ্ট্র ইউরোপের মিত্র দেশগুলোর ভূখণ্ডকে সম্ভাব্য সংঘাতের ময়দান হিসেবে ব্যবহার করছে।
ইউরোপীয় দেশগুলোকে ওয়াশিংটনের কৌশল সম্পর্কে সতর্ক হওয়ার আহ্বান জানিয়ে রুশ এই কর্মকর্তা বলেন, সময় থাকতে যুক্তরাষ্ট্রের পরিকল্পনার প্রকৃত উদ্দেশ্য বুঝতে হবে।
তবে রাশিয়ার এই অভিযোগের বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়ার কথা প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।
সূত্র: তাস