টাঙ্গাইলের কালিহাতীতে কালভার্টের মুখ বন্ধ করে বসতবাড়ি নির্মাণের অভিযোগ উঠেছে। এতে পানি নিষ্কাশন বাধাগ্রস্ত হয়ে আশপাশের ফসলি জমিতে জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। দীর্ঘদিনের এ সমস্যা নিরসন ও কালভার্টের মুখ অবমুক্ত করার দাবিতে মানববন্ধন ও গণদাবি কর্মসূচি পালন করেছেন স্থানীয় বাসিন্দা ও ক্ষতিগ্রস্ত কৃষকরা।
রবিবার (৩০ আগস্ট) কালিহাতী উপজেলা পরিষদের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। পরে পানি নিষ্কাশনের ব্যবস্থা, ফসলি জমি রক্ষা এবং সাত গ্রামের মানুষের যোগাযোগব্যবস্থা সচল রাখার দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে স্মারকলিপি দেন তারা।
স্থানীয়দের অভিযোগ, রামপুর-গান্ধিনা সড়কের দড়িখশিল্লা গোরস্থানের সামনে থাকা কালভার্টের মুখ বন্ধ করে বসতবাড়ি নির্মাণ করা হয়েছে। ফলে বর্ষা মৌসুমে স্বাভাবিকভাবে পানি চলাচল করতে না পারায় আশপাশের ফসলি জমিতে পানি জমে যায়।
এতে একদিকে কৃষকরা ফসলের ক্ষতির মুখে পড়ছেন, অন্যদিকে দীর্ঘস্থায়ী জলাবদ্ধতার কারণে কয়েকটি গ্রামের মানুষের স্বাভাবিক চলাচলও ব্যাহত হচ্ছে।
মানববন্ধনে বক্তারা বলেন, কালভার্টের মুখ বন্ধ থাকায় পানি নিষ্কাশন ব্যবস্থা কার্যত অচল হয়ে পড়েছে। দ্রুত কালভার্টের মুখ অবমুক্ত করে পানি চলাচলের ব্যবস্থা করতে হবে। একই সঙ্গে জলাবদ্ধতা নিরসন ও ফসলি জমি রক্ষায় কার্যকর পদক্ষেপ নিতে হবে।
তারা আরও বলেন, দড়িখশিল্লা সড়কের আশপাশের সাত গ্রামের মানুষের চলাচলের বিষয়টি বিবেচনায় নিয়ে দ্রুত সমস্যাটির স্থায়ী সমাধান প্রয়োজন। অন্যথায় প্রতি বর্ষা মৌসুমে কৃষকদের ক্ষতির পাশাপাশি জনদুর্ভোগ আরও বাড়বে।
কর্মসূচিতে স্থানীয় বাসিন্দা ও ক্ষতিগ্রস্ত কৃষকরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ দাবি করেন।
পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি দেওয়া হয়। স্মারকলিপি গ্রহণ করে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে বলে জানান কর্মসূচির আয়োজকরা।