হবিগঞ্জের বানিয়াচংয়ে সাবেক ছাত্রলীগ নেতার অর্থায়নে স্থানীয় সাংবাদিকদের একাংশের অংশগ্রহণে ‘হাওড় বিলাস’ আয়োজনকে ঘিরে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।
শনিবার (২৯ আগস্ট) সকালে বানিয়াচং প্রেসক্লাবের সভাপতি মোশাররফ হোসেন ও সাধারণ সম্পাদক সাহিদুর রহমানের দিকনির্দেশনায় উপজেলার মার্কুলী এলাকায় নৌকাযোগে এ হাওড় বিলাসের যাত্রা শুরু হয়।
জানা গেছে, বানিয়াচং উপজেলার ১ নম্বর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমানে স্পেনপ্রবাসী সাইফুল আমিনের অর্থায়নে এ আয়োজন করা হয়েছে। এতে বানিয়াচং কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে অবস্থিত বানিয়াচং প্রেসক্লাবের একাংশের প্রায় ২০ জন সাংবাদিক অংশ নেন।
আয়োজনে শুধু হাওড় ভ্রমণ নয়, নৌকায় সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন কর্মসূচিরও আয়োজন করা হয়। দিনব্যাপী নানা আয়োজন শেষে বিকেলে হাওড় বিলাসের সমাপ্তি হওয়ার কথা রয়েছে।
তবে সাবেক ছাত্রলীগ নেতার অর্থায়নে সাংবাদিকদের এমন আয়োজন নিয়ে স্থানীয় পর্যায়ে নানা আলোচনা শুরু হয়েছে। বিশেষ করে সাংবাদিকদের একটি অংশের এমন আয়োজনে অংশগ্রহণ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে সমালোচনা দেখা দিয়েছে।
স্থানীয়দের কেউ কেউ প্রশ্ন তুলেছেন, রাজনৈতিক সংশ্লিষ্টতা থাকা কোনো ব্যক্তির অর্থায়নে সাংবাদিকদের বিনোদনমূলক আয়োজন সাংবাদিকতার নিরপেক্ষতা ও পেশাগত অবস্থান নিয়ে জনমনে প্রশ্ন তৈরি করতে পারে।
তবে আয়োজনে অংশ নেওয়া সাংবাদিকদের পক্ষ থেকে এ বিষয়ে কোনো বক্তব্য পাওয়া যায়নি।
উল্লেখ্য, বানিয়াচং উপজেলায় বর্তমানে তিনটি প্রেসক্লাব, দুটি মডেল প্রেসক্লাব, একটি রিপোর্টার্স ইউনিটি এবং ‘সাংবাদিক সংস্থা’ নামে আরও একটি সংগঠন রয়েছে। ফলে স্থানীয় সাংবাদিকদের বিভিন্ন সংগঠনের কার্যক্রম নিয়েও দীর্ঘদিন ধরে নানা আলোচনা রয়েছে।