টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে রাঙামাটির কাপ্তাই হ্রদের পানি বেড়ে যাওয়ায় পর্যটকদের অন্যতম আকর্ষণ ঝুলন্ত সেতুটি পানিতে তলিয়ে গেছে। ঝুঁকি এড়াতে সেতুটিতে পর্যটকদের চলাচল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ পর্যটন করপোরেশন।
শনিবার (২৯ আগস্ট) দুপুর থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর করা হয়।
স্থানীয়রা জানান, গত কয়েকদিনের টানা বর্ষণ এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে কাপ্তাই হ্রদের পানি দ্রুত বাড়ছে। এতে ঝুলন্ত সেতুটির পাটাতনের বড় একটি অংশ পানির নিচে চলে গেছে। বর্তমানে সেতুটির বেশিরভাগ অংশ ডুবে থাকায় সেখানে পর্যটকদের চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।
কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের তথ্যমতে, শনিবার হ্রদের পানির উচ্চতা ১০৫ দশমিক ৫৪ এমএলএম। হ্রদের পানি বাড়ার সঙ্গে সঙ্গে সেতুটি তলিয়ে যাওয়ার আশঙ্কাও তৈরি হয়েছে।
পর্যটন করপোরেশন সূত্র জানায়, বর্ষা মৌসুমে কাপ্তাই হ্রদের পানি বেড়ে গেলে প্রতিবছরই ঝুলন্ত সেতুটি আংশিক বা পুরোপুরি পানিতে ডুবে যায়। তবে এবার পানি দ্রুত বৃদ্ধি পাওয়ায় পর্যটকদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আগেভাগেই চলাচল বন্ধ করা হয়েছে।
সেতু দেখতে আসা অনেক পর্যটক নিষেধাজ্ঞার কারণে হতাশ হয়ে ফিরে যাচ্ছেন। দূর-দূরান্ত থেকে আসা পর্যটকদের কেউ কেউ সেতুর পানিতে ডুবে যাওয়ার দৃশ্য দেখে ফিরে যেতে বাধ্য হচ্ছেন।
পর্যটন করপোরেশনের ব্যবস্থাপক অলোক বিকাশ চাকমা বলেন, হ্রদের পানি বৃদ্ধি অব্যাহত থাকায় যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতেই সেতুতে পর্যটকদের প্রবেশ বন্ধ করা হয়েছে।
তিনি জানান, হ্রদের পানি কমে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ঝুলন্ত সেতুতে পর্যটকদের প্রবেশ ও চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে।