কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলের রেকর্ড করা জীবনের শেষ চলচ্চিত্র গান প্রকাশ পেতে যাচ্ছে তার জন্মবার্ষিকীতে। আগামী ৮ সেপ্টেম্বর ভক্ত-শ্রোতাদের জন্য বিশেষ এই গানটি প্রকাশ করা হবে।
চলচ্চিত্র নির্মাতাদের পক্ষ থেকে বৃহস্পতিবার এ ঘোষণা দেওয়া হয়েছে। বহুল প্রতীক্ষিত ড্রামা-কমেডি চলচ্চিত্র ‘ওম কা হরি’-এর অংশ হিসেবে গানটি প্রকাশ করা হবে। প্রয়াত এই কিংবদন্তি শিল্পীর প্রতি শ্রদ্ধা জানাতেই তার জন্মদিনে গানটি প্রকাশের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
‘এ মেরি জিন্দেগি, তু ছুপি হ্যায় কাঁহা’ শিরোনামের গানটি ২০২৩ সালের শেষ দিকে রেকর্ড করেছিলেন আশা ভোঁসলে। তখন তার বয়স ছিল ৯০ বছরের বেশি। জীবনের শেষ পর্যায়ের এই রেকর্ডিং এখন হয়ে উঠেছে তার দীর্ঘ সংগীতজীবনের একটি বিশেষ স্মারক।
হরিশ ব্যাস পরিচালিত ‘ওম কা হরি’ মূলত বাবা-ছেলের সম্পর্ক, প্রজন্মের ব্যবধান ও পরিবারের ভেতরে না বলা অনুভূতিকে ঘিরে নির্মিত। সিনেমাটিতে অভিনয় করেছেন অংশুমান ঝা, রঘুবীর যাদব, সোনি রাজদান ও আয়েশা কাপুর।
নির্মাতাদের ভাষ্য, গানটিতে জীবনের আনন্দ উদযাপন, ভালোবাসা এবং মনের অনুভূতি প্রকাশের গুরুত্ব তুলে ধরা হয়েছে। আশা ভোঁসলের কণ্ঠ চলচ্চিত্রের আবেগঘন গল্পে নতুন মাত্রা যোগ করেছে।
পরিচালক হরিশ ব্যাস বলেন, আশা ভোঁসলের জন্মদিনে গানটি প্রকাশের উদ্দেশ্য হলো তার চিরন্তন কণ্ঠ ও অসাধারণ সংগীতজীবনকে উদযাপন করা। একই সঙ্গে তার গান যেসব প্রজন্মের শ্রোতার জীবনকে স্পর্শ করেছে, তাদের জন্য এটি বিশেষ এক উপহার।
অভিনেতা অংশুমান ঝাও গানটি নিয়ে নিজের আবেগের কথা জানিয়েছেন। তার ভাষ্য, ছবিটির অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হলো বাবাকে নিজের ভালোবাসার কথা বলা। আর সেই আবেগঘন মুহূর্তে আশা ভোঁসলের কণ্ঠ যুক্ত হওয়া তার জন্য অত্যন্ত স্মরণীয় অভিজ্ঞতা।
সাত দশকেরও বেশি সময় ধরে ভারতীয় সংগীতাঙ্গনে দাপটের সঙ্গে কাজ করেছেন আশা ভোঁসলে। ‘দম মারো দম’, ‘পিয়া তু আব তো আজা’, ‘চুরা লিয়া হ্যায় তুমনে জো দিল কো’ ও ‘ইয়ে মেরা দিল’-এর মতো অসংখ্য জনপ্রিয় গান উপহার দিয়েছেন তিনি। তার কণ্ঠে রেকর্ড হয়েছে ১২ হাজারের বেশি গান।
চলতি বছরের এপ্রিলে ৯২ বছর বয়সে মৃত্যুবরণ করেন উপমহাদেশের এই কিংবদন্তি শিল্পী। তার জন্মবার্ষিকীতে প্রকাশিতব্য শেষ চলচ্চিত্র গানটি তাই ভক্তদের কাছে হয়ে উঠতে যাচ্ছে আবেগ ও স্মৃতির এক বিশেষ মুহূর্ত।
সূত্র: হিন্দুস্তান টাইমস