সৌদি আরব ও তুরস্কের সঙ্গে প্রতিরক্ষা জোটে যুক্ত হওয়ার পর এবার কুয়েতের সঙ্গেও প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে চুক্তি করেছে পাকিস্তান। বৃহস্পতিবার (২৭ আগস্ট) ইসলামাবাদে দুই দেশের মধ্যে এ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরিত হয়।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মুহম্মদ আসিফ এবং কুয়েতের প্রতিরক্ষামন্ত্রী শেখ আবদুল্লাহ আল সাবাহ উপস্থিত ছিলেন।
কুয়েতের সামরিক বাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, নতুন চুক্তির লক্ষ্য হলো প্রতিরক্ষা ও সামরিক খাতে পাকিস্তান-কুয়েত সহযোগিতা আরও বিস্তৃত ও কার্যকর করা।
সম্প্রতি মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়ার মধ্যে পাকিস্তানের সঙ্গে কুয়েতের এই প্রতিরক্ষা চুক্তিকে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতের প্রেক্ষাপটে উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতিও নতুন করে আলোচনায় এসেছে।
এর আগে গত ৭ আগস্ট সৌদি আরব ও তুরস্কের সঙ্গে ত্রিপাক্ষিক প্রতিরক্ষা জোটে যুক্ত হয় পাকিস্তান। সৌদি আরবের মক্কায় ওই চুক্তি স্বাক্ষরিত হওয়ায় এটি ‘মক্কা জোট’ নামে পরিচিতি পেয়েছে।
মক্কা জোটে যুক্ত হওয়ার মাত্র দুই সপ্তাহের মধ্যে কুয়েতের সঙ্গে নতুন প্রতিরক্ষা চুক্তি করল ইসলামাবাদ। ফলে মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে পাকিস্তানের সামরিক ও কৌশলগত সম্পর্ক আরও বিস্তৃত হচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
পাকিস্তান একই সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার উত্তেজনা প্রশমনে মধ্যস্থতাকারীর ভূমিকাতেও সক্রিয় রয়েছে।
সূত্র: দ্য ন্যাশনাল