
এর মধ্যে দীঘিনালা উপজেলার একটি সড়কের অংশ বন্যার পানির প্রবল স্রোতে ভেঙে বড় গর্তের সৃষ্টি হলে সেখানে সিমেন্টবোঝাই একটি ট্রাক উল্টে পানিতে পড়ে যায়। এতে সড়কটি দিয়ে যানবাহন চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে এবং স্থানীয়দের স্বাভাবিক চলাচল ব্যাহত হয়।
এ অবস্থায় দীঘিনালা উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মো. মুস্তাকিমুল হকের নেতৃত্বে ঘটনাস্থলে এগিয়ে আসেন হিল ভিডিপির সদস্যরা। হিল ভিডিপি প্লাটুনের সদস্য আনোয়ার, ইসমাইল, ফারুক মিয়া, মুসা মিয়াসহ অন্য সদস্যরা উল্টে যাওয়া সিমেন্টবোঝাই ট্রাকটি উদ্ধারে সহযোগিতা করেন। পাশাপাশি ক্ষতিগ্রস্ত সড়কটি দ্রুত সচল করার উদ্যোগ নেন তাঁরা।

পরে বন্যার পানি কমে গেলে হিল ভিডিপির সদস্যরা সড়কে সৃষ্ট বড় গর্তটি মাটি দিয়ে ভরাট করে যানবাহন চলাচলের উপযোগী করে তোলেন। এতে সড়ক যোগাযোগ পুনরায় স্বাভাবিক হয় এবং স্থানীয় বাসিন্দাদের চলাচলও সহজ হয়ে আসে।
দুর্যোগের সময়ে উদ্ধারকাজে সহযোগিতা এবং ক্ষতিগ্রস্ত সড়ক দ্রুত সচল করতে হিল ভিডিপি সদস্যদের এ উদ্যোগ স্থানীয় মানুষের স্বাভাবিক চলাচল নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। দুর্গম পাহাড়ি এলাকায় দুর্যোগ মোকাবিলা ও জনসেবামূলক কার্যক্রমে তাঁদের এমন অংশগ্রহণ বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জনকল্যাণমূলক ভূমিকার একটি ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে দেখা হচ্ছে।
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, গ্রামীণ ও দুর্গম এলাকার জনগণকে সংগঠিত করে জননিরাপত্তা, দুর্যোগ মোকাবিলা ও জনসেবামূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার লক্ষ্যেই গ্রাম প্রতিরক্ষা দল (ভিডিপি) গঠিত হয়েছে। খাগড়াছড়িতে হিল ভিডিপি সদস্যদের এ কার্যক্রম সেই জনসেবামূলক ভূমিকারই একটি বাস্তব উদাহরণ।