সরকারের কর্মকাণ্ড ও জনগণের স্বার্থে নেওয়া বিভিন্ন উদ্যোগ সাধারণ মানুষের কাছে সঠিকভাবে পৌঁছে দিতে গণমাধ্যম ও তথ্যসেবায় নিয়োজিতদের আরও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমান।
রবিবার (২৩ আগস্ট) সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে মন্ত্রণালয়ের কর্মকর্তা এবং অধীন দপ্তর-সংস্থার প্রধানদের সঙ্গে পরিচিতি সভায় তিনি এ আহ্বান জানান।
তথ্যসচিব মাহবুবা ফারজানার সভাপতিত্বে সভায় তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এবং প্রধানমন্ত্রীর তথ্যবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান উপস্থিত ছিলেন।
সভায় তথ্যমন্ত্রী বলেন, জনগণের জানার অধিকার নিশ্চিত করা সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব। সরকার কী করছে এবং জনগণের স্বার্থে কী ধরনের উদ্যোগ নেওয়া হচ্ছে, এসব তথ্য সঠিকভাবে মানুষের কাছে পৌঁছে দিতে হবে।
তিনি বলেন, বর্তমান সরকার দেশের একটি কঠিন সময়ে দায়িত্ব নিয়েছে। জনগণের স্বার্থ ও জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সরকার কাজ করছে। সরকারের বিভিন্ন কর্মকাণ্ড সম্পর্কে সাধারণ মানুষ যেন সঠিক তথ্য জানতে পারে, তা নিশ্চিত করতে গণমাধ্যম ও তথ্যসেবার সঙ্গে সংশ্লিষ্টদের কার্যকর ভূমিকা রাখতে হবে।
আন্দালিভ রহমান বলেন, গণমাধ্যম গণতন্ত্রের অন্যতম গুরুত্বপূর্ণ স্তম্ভ। অতীতে গণমাধ্যমের স্বাধীনতা ও মতপ্রকাশের ক্ষেত্রে যে নিয়ন্ত্রণমূলক পরিবেশ ছিল, সেখান থেকে বেরিয়ে এসে স্বাধীন, দায়িত্বশীল ও জনবান্ধব গণমাধ্যমব্যবস্থা গড়ে তুলতে হবে।
মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারী এবং অধীন দপ্তর-সংস্থার প্রধানদের অভিজ্ঞতা সরকারের কাজে গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি বলেন, সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে। জনগণের স্বার্থ রক্ষা এবং সরকারের কর্মকাণ্ড যথাযথভাবে মানুষের সামনে তুলে ধরতে আন্তরিকভাবে দায়িত্ব পালন করতে হবে।
নতুন তথ্যমন্ত্রীকে স্বাগত জানিয়ে তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেন, বাংলাদেশের রাজনীতি ও দেশের প্রেক্ষাপটে আন্দালিভ রহমান সবার কাছে পরিচিত। তিনি একজন সুসংগঠক ও ডায়নামিক মানুষ।
প্রধানমন্ত্রীর তথ্যবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমানের সঙ্গে তাঁর দীর্ঘদিনের রাজনৈতিক ও কর্মসম্পর্কের কথা উল্লেখ করে ইয়াসের খান চৌধুরী বলেন, একই মন্ত্রণালয়ে এখন একসঙ্গে কাজ করার সুযোগ তৈরি হয়েছে। মন্ত্রণালয়ের কার্যক্রমে গতি আনতে এ সুযোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এর আগে তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী, তথ্যসচিব মাহবুবা ফারজানা এবং মন্ত্রণালয়ের বিভিন্ন দপ্তর ও সংস্থার প্রধানরা নবনিযুক্ত তথ্যমন্ত্রী আন্দালিভ রহমানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।