মাদরাসা শিক্ষার গুণগত মানোন্নয়ন, আধুনিকায়ন ও শিক্ষার পরিবেশ উন্নয়নের লক্ষ্যে মাদারীপুরের শিবচরে বিশেষ আলোচনা সভা, দেয়ালিকা উন্মোচন ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শিবচর উপজেলার আল-বাইতুল মামুর ফাজিল মাদরাসায় আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরের সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক মো. মুরাদ হোসেন।
সফরকালে তিনি মাদরাসার প্রশাসনিক, একাডেমিক ও আর্থিক কার্যক্রম পরিদর্শন করেন। পরে মাদরাসা প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন এবং শিক্ষার্থীদের উদ্যোগে প্রকাশিত দেয়ালিকার আনুষ্ঠানিক উন্মোচন করেন। এ সময় তিনি প্রতিষ্ঠানের লাইব্রেরির কার্যক্রমও পরিদর্শন করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মো. মুরাদ হোসেন বলেন, ‘ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার মূল লক্ষ্য হলো বাংলাদেশের মাদরাসা শিক্ষাকে আধুনিকায়ন করা এবং সাধারণ ও ইসলামি শিক্ষার মধ্যে কার্যকর সমন্বয় সাধন করা।’
তিনি বলেন, ‘ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আবু জাফর খানের নেতৃত্বে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় বর্তমানে মাদরাসা শিক্ষার মানোন্নয়নে বহুমুখী উদ্যোগ গ্রহণ করেছে। আমরা শুধু সনদ প্রদানের মধ্যে নিজেদের কার্যক্রম সীমাবদ্ধ রাখতে চাই না। শিক্ষার্থীদের আরবি ভাষায় দক্ষতা বৃদ্ধি এবং আধুনিক পাঠদান পদ্ধতির ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।’
মুরাদ হোসেন আরও বলেন, ‘আমাদের লক্ষ্য হলো একটি স্মার্ট বিশ্ববিদ্যালয় গড়ে তোলা, যেখানে শিক্ষার্থীরা দ্রুত, স্বচ্ছ ও মানসম্মত সেবা লাভ করবে।’
বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় শিক্ষার্থীদের আরও বেশি করে বৃক্ষরোপণে এগিয়ে আসতে হবে। এ সময় তিনি বাংলাদেশ সরকারের আগামী পাঁচ বছরে দেশব্যাপী ২৫ কোটি গাছ রোপণের লক্ষ্যমাত্রা পূরণে শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান।
মাদরাসার অধ্যক্ষ আ: মুক্তাদির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় গভর্নিং বডির সভাপতি কে. এম. মজিবুর রহমান, সহসভাপতি মো. আবুল কালাম মল্লিক, উপাধ্যক্ষ মো. আ: রহমানসহ পরিচালনা পর্ষদের সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকেরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা মাদরাসা শিক্ষার আধুনিকায়ন, প্রাতিষ্ঠানিক শৃঙ্খলা বজায় রাখা এবং শিক্ষার্থীদের জন্য উন্নত শিক্ষার পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।