দীর্ঘ আট বছরের সম্পর্কের পর অবশেষে আইনি স্বীকৃতি পেল বলিউড অভিনেতা অর্জুন রামপাল ও দক্ষিণ আফ্রিকান মডেল গ্যাব্রিয়েলা দেমেত্রিয়াদেসের সম্পর্ক। শুক্রবার ভারতের গোয়ায় সাদামাটা আয়োজনে বিয়ে করেছেন তারা।
উত্তর গোয়ার মাপুসার সাব-রেজিস্ট্রার কার্যালয়ে বিকেল ৪টার দিকে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন ৫৩ বছর বয়সী অর্জুন ও গ্যাব্রিয়েলা। জমকালো কোনো আয়োজন না করে ঘনিষ্ঠ কয়েকজন বন্ধুকে সঙ্গে নিয়েই বিয়ের জন্য হাজির হন তারা।
সাব-রেজিস্ট্রার সুরজ ভেরনেকার জানান, গোয়ার ইউনিফর্ম সিভিল কোডের আওতায় তাদের বিয়ে নিবন্ধিত হয়েছে। বিশেষ অনুমতি নিয়ে প্রয়োজনীয় স্বাক্ষরও একই দিনে সম্পন্ন করা হয়েছে। নিয়ম অনুযায়ী, বিয়ের ১৫ দিন পর মূল বিয়ের সনদ পাওয়ার কথা রয়েছে।
অর্জুন ও গ্যাব্রিয়েলার সম্পর্কের শুরু ২০১৮ সালে। দীর্ঘদিনের এই সম্পর্কে তাদের দুই সন্তান রয়েছে। ২০১৯ সালে তাদের প্রথম সন্তান অরিকের জন্ম হয়। এরপর ২০২৩ সালে জন্ম নেয় দ্বিতীয় সন্তান আরিভ।
বিয়ে না করেও এতদিন একসঙ্গে সংসার করেছেন তারা। ২০২৫ সালে অর্জুন প্রকাশ্যে জানান, গ্যাব্রিয়েলার সঙ্গে তার বাগদান হয়েছে। এবার সেই সম্পর্কই পেল আইনি স্বীকৃতি।
এর আগে এক সাক্ষাৎকারে অর্জুন জানিয়েছিলেন, তাদের সম্পর্কের ক্ষেত্রে বিয়ের কাগজের চেয়ে পারস্পরিক বোঝাপড়া ও একে অপরকে এগিয়ে যেতে সহযোগিতা করাই বেশি গুরুত্বপূর্ণ। তবে তিনি বিয়ের বিরোধী নন বলেও জানিয়েছিলেন।
গ্যাব্রিয়েলার সঙ্গে সম্পর্কে জড়ানোর আগে অর্জুন রামপালের বিয়ে হয়েছিল মডেল ও সাবেক মিস ইন্ডিয়া মেহর জেসিয়ার সঙ্গে। ১৯৯৮ সালে তাদের বিয়ে হয়। এই দম্পতির দুই মেয়ে—মাহিকা ও মাইরা।
প্রায় ২১ বছর সংসারের পর ২০১৯ সালে তাদের বিচ্ছেদ হয়। বিচ্ছেদের পরও দুই মেয়ের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখেছেন অর্জুন।
বর্তমানে অর্জুন ও গ্যাব্রিয়েলা গোয়ার পানাজির কাছে বসবাস করছেন। দীর্ঘদিনের প্রেম, দুই সন্তান ও একসঙ্গে সংসার করার পর এবার তাদের সম্পর্ক পেল আনুষ্ঠানিক আইনি স্বীকৃতি।