একদিনে পুকুরে ডুবে ৮ শিশু-কিশোরের মৃত্যু, এক এলাকায়ই প্রাণ গেল ৪ জনের

ভোরের ডাক ডেস্ক

সারাদেশ

দেশের বিভিন্ন স্থানে পুকুরের পানিতে ডুবে একদিনে অন্তত আট শিশু-কিশোরের মৃত্যু হয়েছে। এর মধ্যে নারায়ণগঞ্জের আড়াইহাজারে একই এলাকার চার শিশুর

2026-08-21T16:07:05+00:00
2026-08-21T16:07:05+00:00
  বুধবার, ২৬ আগস্ট ২০২৬,
১১ ভাদ্র ১৪৩৩
 
বুধবার, ২৬ আগস্ট ২০২৬
সারাদেশ
একদিনে পুকুরে ডুবে ৮ শিশু-কিশোরের মৃত্যু, এক এলাকায়ই প্রাণ গেল ৪ জনের
ভোরের ডাক ডেস্ক
শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬, ৪:০৭ পিএম 
প্রতীকী ছবি
দেশের বিভিন্ন স্থানে পুকুরের পানিতে ডুবে একদিনে অন্তত আট শিশু-কিশোরের মৃত্যু হয়েছে। এর মধ্যে নারায়ণগঞ্জের আড়াইহাজারে একই এলাকার চার শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া টাঙ্গাইল, ঢাকার দোহার, কুড়িগ্রাম ও ময়মনসিংহে পৃথক ঘটনায় আরও চারজনের মৃত্যু হয়। সংবাদদাতাদের পাঠানো খবরে-

আড়াইহাজারে একই এলাকার চার শিশুর মৃত্যু

নারায়ণগঞ্জের আড়াইহাজারে পুকুরের পানিতে ডুবে একই এলাকার চার শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) সন্ধ্যায় উপজেলার দুপ্তারা ইউনিয়নের খানপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলো, ওজাইফা (১০), আফসা (১২), রিয়া মনি (৮) ও রুবাইয়া (৮)। তারা স্থানীয় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে পড়াশোনা করত।

স্থানীয়রা জানান, দুপুরের পর থেকে চার শিশুকে এলাকায় দেখা যাচ্ছিল না। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন। পরে মুন্নার বাড়ির পাশের একটি পুকুরের পাড়ে শিশুদের জুতা-স্যান্ডেল পড়ে থাকতে দেখে সন্দেহ হয়।

এরপর স্বজন ও স্থানীয়রা পুকুরে নেমে তল্লাশি শুরু করেন। একপর্যায়ে পানির নিচ থেকে চার শিশুকে উদ্ধার করা হয়। দ্রুত তাদের হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসকরা সবাইকে মৃত ঘোষণা করেন।

আড়াইহাজার থানার ওসি সবুজেল হোসেন জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিষয়টি খতিয়ে দেখছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি।

মাভাবিপ্রবির পুকুরে গোসল করতে গিয়ে কিশোরের মৃত্যু

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রাণীঘাট পুকুরে গোসল করতে গিয়ে হাসিব (১৫) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।

শুক্রবার (২১ আগস্ট) দুপুর ১২টার দিকে ফুটবল খেলা শেষে ১৬ থেকে ২০ জনের একটি দল পুকুরে গোসল করতে নামে। এ সময় পানিতে ডুবে যায় হাসিব। অন্যরা তাকে উদ্ধার করে টাঙ্গাইল সদর হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হাসিব বিশ্ববিদ্যালয়সংলগ্ন বাগবাড়ি এলাকার তারা মিয়ার ছেলে। তিনি একটি মোবাইল সার্ভিসিংয়ের দোকানে কাজ করতেন।

দোহারে ফুটবল খেলা শেষে পানিতে ডুবে স্কুলছাত্রের মৃত্যু

ঢাকার দোহারে ফুটবল খেলা শেষে পানিতে ডুবে বিশাল ঘোষ (১৬) নামে নবম শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

শুক্রবার সকালে জয়পাড়া কলেজ মাঠে বন্ধুদের সঙ্গে ফুটবল খেলার পর কোনো একসময় পানিতে পড়ে যায় বিশাল। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিশাল পূর্ব লটাখোলা এলাকার মনির ঘোষের ছেলে এবং স্থানীয় আজাহার আলী মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ছিল।

কুড়িগ্রামে পৃথক ঘটনায় দুই শিশুর মৃত্যু

কুড়িগ্রামের উলিপুরে পৃথক ঘটনায় পুকুরের পানিতে ডুবে আরমান (৪) ও মাসুদ রানা (৩) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার সকালে বাড়ির পাশে খেলতে গিয়ে পরিবারের অগোচরে পুকুরে পড়ে যায় তারা। পরে স্বজনরা উদ্ধার করে উলিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

একই দিন দলদলিয়া ইউনিয়নে পানিতে পড়ে সুমাইয়া খাতুন নামে আরেক শিশু আহত হয়। তাকে উন্নত চিকিৎসার জন্য কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

ময়মনসিংহে পুকুরে ডুবে নবম শ্রেণির ছাত্রীর মৃত্যু

ময়মনসিংহের তারাকান্দায় পুকুরের পানিতে ডুবে সুরাইয়া আক্তার (১৪) নামে নবম শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে উপজেলার বিসকা ইউনিয়নের শিমুলিয়া ভান্ডারী মোড় এলাকায় পুকুরপাড়ে গেলে অসাবধানতাবশত পানিতে পড়ে যায় সুরাইয়া। স্থানীয়রা উদ্ধারের চেষ্টা করে ব্যর্থ হলে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়।

পরে ময়মনসিংহ ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় সন্ধ্যা ৬টার দিকে পানির নিচ থেকে সুরাইয়ার মরদেহ উদ্ধার করা হয়।

একদিনে দেশের বিভিন্ন স্থানে একের পর এক পানিতে ডুবে শিশু-কিশোরদের মৃত্যুর ঘটনায় স্বজন ও স্থানীয়দের মধ্যে শোক নেমে এসেছে। বিশেষ করে বর্ষাকালে পুকুর ও জলাশয়ের আশপাশে শিশুদের চলাফেরায় বাড়তি সতর্কতার প্রয়োজনীয়তা আবারও সামনে এসেছে।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: