আজিজকে দেশে ফেরাতে ইন্টারপোলের রেড নোটিশ চেয়ে আবেদন

অনলাইন ডেস্ক

জাতীয়

সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) আজিজ আহমেদকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের মাধ্যমে ‘রেড নোটিশ’ জারির

2026-08-18T15:37:10+00:00
2026-08-18T15:37:10+00:00
  বুধবার, ১৯ আগস্ট ২০২৬,
৪ ভাদ্র ১৪৩৩
 
বুধবার, ১৯ আগস্ট ২০২৬
জাতীয়
সাবেক সেনাপ্রধান
আজিজকে দেশে ফেরাতে ইন্টারপোলের রেড নোটিশ চেয়ে আবেদন
অনলাইন ডেস্ক
মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬, ৩:৩৭ পিএম 
সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) আজিজ আহমেদ। ফাইল ছবি
সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) আজিজ আহমেদকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের মাধ্যমে ‘রেড নোটিশ’ জারির উদ্যোগ নেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৮ আগস্ট) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এবং ইন্টারপোলের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরোর (এনসিবি) অতিরিক্ত আইজিকে চিঠি দিয়েছে ট্রাইব্যুনালের প্রসিকিউশন।

চিফ প্রসিকিউটর বলেন, মানবতাবিরোধী অপরাধের মামলায় আজিজ আহমেদ পলাতক আসামি। তিনি দেশের বাইরে অবস্থান করছেন বলে তথ্য পাওয়া গেছে। তাকে ইন্টারপোলের মাধ্যমে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রসিকিউশন সূত্রে জানা গেছে, ২০১৩ সালের ৫ মে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে অভিযান এবং পরদিন নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গুলির ঘটনায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে করা মামলায় আজিজ আহমেদসহ ৪১ জন আসামি রয়েছেন। মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি রয়েছে।

চিফ প্রসিকিউটর জানান, এই মামলায় কোনো পলাতক আসামিকে ইন্টারপোলের মাধ্যমে দেশে ফিরিয়ে আনার ক্ষেত্রে এটিই প্রথম উদ্যোগ। পর্যায়ক্রমে দেশের বাইরে অবস্থানরত মামলার অন্য পলাতক আসামিদের অবস্থান নিশ্চিত হলে তাদের বিরুদ্ধেও একই ধরনের ব্যবস্থা নেওয়া হবে।

আন্তর্জাতিক পুলিশ সংস্থার সঙ্গে সদস্যদেশগুলোর যোগাযোগ ও সমন্বয়ের দায়িত্ব পালন করে এনসিবি। বাংলাদেশ পুলিশের সদর দপ্তরে এর কার্যক্রম পরিচালিত হয়। ট্রাইব্যুনালের চিঠিতে ইন্টারপোলের সংশ্লিষ্ট বিধি অনুযায়ী আজিজ আহমেদের বিরুদ্ধে রেড নোটিশ জারির প্রয়োজনীয় পদক্ষেপ নিতে অনুরোধ করা হয়েছে।

এর আগে গত ২৭ জুলাই শাপলা চত্বরের ঘটনায় করা মামলায় ৪১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সঙ্গে পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির নির্দেশ দেওয়া হয়।

তবে রেড নোটিশ জারি হওয়া মানেই স্বয়ংক্রিয়ভাবে গ্রেপ্তার নয়; এটি সংশ্লিষ্ট দেশের আইন অনুযায়ী পলাতক ব্যক্তিকে শনাক্ত ও গ্রেপ্তারে আন্তর্জাতিক পুলিশ সহযোগিতার একটি অনুরোধ হিসেবে কাজ করে।


Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: