সিলেটের প্রবাস স্বপ্নে দালালের ছায়া, প্রতারণায় নিঃস্ব হচ্ছে পরিবার

সিলেট সংবাদদাতা

সারাদেশ

প্রবাসে গিয়ে ভাগ্য বদলের স্বপ্ন সিলেটের মানুষের বহু পুরোনো। যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, কানাডাসহ ইউরোপের বিভিন্ন দেশে পাড়ি জমানোর স্বপ্ন দেখেন এই

2026-08-18T15:05:12+00:00
2026-08-18T15:05:12+00:00
  বুধবার, ১৯ আগস্ট ২০২৬,
৪ ভাদ্র ১৪৩৩
 
বুধবার, ১৯ আগস্ট ২০২৬
সারাদেশ
সিলেটের প্রবাস স্বপ্নে দালালের ছায়া, প্রতারণায় নিঃস্ব হচ্ছে পরিবার
সিলেট সংবাদদাতা
মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬, ৩:০৫ পিএম 
প্রতীকী ছবি
প্রবাসে গিয়ে ভাগ্য বদলের স্বপ্ন সিলেটের মানুষের বহু পুরোনো। যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, কানাডাসহ ইউরোপের বিভিন্ন দেশে পাড়ি জমানোর স্বপ্ন দেখেন এই অঞ্চলের অসংখ্য মানুষ। তবে সেই স্বপ্নকে পুঁজি করে সক্রিয় হয়ে উঠেছে প্রতারকচক্র। ভুয়া ভিসা, জাল কাগজপত্র ও বিদেশে চাকরির প্রলোভনে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে একের পর এক ঘটনা সামনে আসছে।

অন্যদিকে অবৈধ পথে ইউরোপে যাওয়ার চেষ্টায় ভূমধ্যসাগরে প্রাণ হারাচ্ছেন সিলেটসহ দেশের বিভিন্ন এলাকার তরুণরা। কেউ নিখোঁজ হচ্ছেন, আবার কেউ দীর্ঘদিন আটক থাকছেন বিদেশের ডিটেনশন সেন্টারে। ফলে পরিবারের ভাগ্য বদলের স্বপ্ন অনেকের জন্য পরিণত হচ্ছে দুঃস্বপ্নে।

সর্বশেষ সিলেটের গোলাপগঞ্জে যুক্তরাজ্যে হেলথ কেয়ার ভিসায় পাঠানোর কথা বলে অর্থ আত্মসাতের অভিযোগে কয়েছ আহমদ (৪০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব-৯। রবিবার (১৬ আগস্ট) রাতে গোলাপগঞ্জের রায়গড় পুরান বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব জানায়, যুক্তরাজ্যের হেলথ কেয়ার ভিসার প্রলোভন দেখিয়ে কয়েকজনের কাছ থেকে বিভিন্ন ব্যাংক হিসাবে মোট ৬০ লাখ টাকা নেয় একটি প্রতারকচক্র। মেডিকেলসহ প্রয়োজনীয় প্রক্রিয়া শেষ করার পরও ভিসা না হওয়ায় ভুক্তভোগীদের সন্দেহ হয়। পরে কাগজপত্র যাচাই করে তারা জানতে পারেন, সেগুলো ভুয়া। টাকা ফেরত চাইলে ভয়ভীতি ও হুমকি দেওয়ার অভিযোগও রয়েছে।

এদিকে যুক্তরাজ্যের স্কিলড ওয়ার্কার ভিসার নামে কোটি টাকা আত্মসাতের মামলায় বদরুজ্জামান তানভীরকে গত ১২ আগস্ট কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। মামলার বাদীপক্ষের দাবি, তানভীরসহ সংশ্লিষ্টরা বিভিন্ন ব্যক্তির মাধ্যমে মোট ১ কোটি ৪৭ লাখ ৪৩ হাজার ৩০৮ টাকা নেন। এর মধ্যে ৪৫ লাখ ২০ হাজার টাকা ফেরত দেওয়া হলেও এখনো ১ কোটি ২ লাখ ২৩ হাজার ৩০৮ টাকা পাওনা রয়েছে। পিবিআইয়ের তদন্তেও কয়েকজন আসামির বিরুদ্ধে অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে বলে উল্লেখ করা হয়েছে।

এর আগে গত ২৯ মে ইউরোপে পাঠানোর নামে সিলেটের ‘অ্যামেক্স অ্যাসোসিয়েটস’-এর বিরুদ্ধে প্রায় ৭০০ তরুণের কাছ থেকে অন্তত ৭ কোটি টাকা আত্মসাতের অভিযোগ ওঠে। ভুক্তভোগীদের অভিযোগ, প্রতিষ্ঠানটির দুই মালিক জাবের আহমদ ও ইমন উদ্দিন বিদেশে পাঠানোর কথা বলে প্রত্যেকের কাছ থেকে ১ থেকে ৫ লাখ টাকা করে নেন। পরে ভুয়া ভিসা দেখানো হয়। টাকা ফেরত চাইলে হুমকি দেওয়ার অভিযোগও করেন তারা। অভিযোগ প্রকাশ্যে আসার পর অফিস বন্ধ করে গা-ঢাকা দেন মালিকরা। পরে মামলা হলে দুজনকে আটক করে পুলিশ।

শুধু প্রতারণাই নয়, অবৈধ পথে ইউরোপ যাওয়ার ঝুঁকিও বাড়ছে। গত ৩ আগস্ট লিবিয়ার তাবারুক উপকূল থেকে ৪২ জন অভিবাসনপ্রত্যাশীকে নিয়ে একটি নৌকা গ্রিসের উদ্দেশে রওনা হয়। তাদের মধ্যে ৩৮ জনই বাংলাদেশি বলে জানা গেছে। ভূমধ্যসাগরে নৌকাডুবির ঘটনায় অন্তত ১১ বাংলাদেশির মৃত্যু হয়েছে এবং সাতজন এখনো নিখোঁজ রয়েছেন। নিখোঁজদের মধ্যে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার কয়েকজন তরুণও রয়েছেন।

জীবিত উদ্ধার হওয়া ব্যক্তিরা আন্তর্জাতিক গণমাধ্যমকে জানান, নৌযাত্রায় খাবার ও পানির তীব্র সংকট দেখা দেয়। তাদের চোখের সামনেই কয়েকজনের মৃত্যু হয়। মরদেহে পচন ধরায় সেগুলো সাগরে ফেলে দিতে বাধ্য হন তারা।

এদিকে ইউরোপে যাওয়ার আশায় প্রতারণার শিকার হয়েছেন সিলেট নগরীর বাসিন্দা চৌধুরী মুশফিক মুনিমও। পরিচিত চারজনকে বিদেশে পাঠাতে ‘ট্রাভেল জোন’ নামে একটি প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করেন তিনি। প্রতিষ্ঠানটি ভিসা হয়ে গেছে বলে কিছু কাগজপত্র দেখিয়ে তার কাছ থেকে ৭৮ লাখ টাকা নেয়। পরে যাচাই করে মুনিম জানতে পারেন, কাগজগুলো ভুয়া। এ ঘটনায় তিনি মামলা করলে পুলিশের তৎপরতায় অভিযুক্তকে আটক করা হয়।

সচেতন নাগরিকরা বলছেন, বিদেশ যাওয়ার আগে রিক্রুটিং এজেন্সির বৈধতা যাচাই না করাই প্রতারণার অন্যতম কারণ। টাকা দেওয়ার আগে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানটি বিএমইটির অনুমোদিত বৈধ রিক্রুটিং এজেন্সি কি না, তা যাচাই করা জরুরি। একই সঙ্গে ভিসা, নিয়োগপত্রসহ সব কাগজপত্র যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে যাচাই করার পরামর্শ দিয়েছেন তারা।

ট্রাভেল এজেন্টস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (আটাব) সিলেট জোনের তিনবারের সাবেক চেয়ারম্যান ও সাবেক সভাপতি আব্দুল জব্বার জলিল বলেন, সিলেটে বৈধ এজেন্সির সংখ্যা প্রায় ২০০ হলেও নামে-বেনামে গড়ে ওঠা অবৈধ এজেন্সির সংখ্যা অন্তত এক হাজার। বিদেশ যাওয়ার আগে এজেন্সির বৈধতা, ভিসা ও চাকরির কাগজপত্র যাচাইয়ের পাশাপাশি লেনদেনের যথাযথ প্রমাণ রাখার ওপর গুরুত্ব দেন তিনি।

সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মো. মনজুরুল আলম বলেন, বিদেশে পাঠানোর নামে প্রতারণার অভিযোগগুলো গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। অবৈধ এজেন্সি ও দালালচক্রের বিরুদ্ধে পুলিশের নজরদারিও অব্যাহত রয়েছে।

সিলেটের মানুষের প্রবাসমুখী আকাঙ্ক্ষা নতুন নয়। কিন্তু সেই স্বপ্নকে পুঁজি করে প্রতারণা এবং ঝুঁকিপূর্ণ অভিবাসনের ঘটনা বাড়তে থাকায় উদ্বেগও বাড়ছে। নিরাপদ ও বৈধ পথে বিদেশে যাওয়ার বিষয়ে সচেতনতা বাড়ানো না গেলে প্রবাসের স্বপ্ন অনেক পরিবারের জন্য আরও বড় বিপর্যয়ের কারণ হয়ে উঠতে পারে।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: