
সোমবার ছত্তিশগড়ের রায়পুরের স্বামী বিবেকানন্দ বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন রামদেব। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে এ তথ্য জানিয়েছে।
পাকিস্তান ও বাংলাদেশে হিন্দুদের কথিত নিপীড়নের প্রসঙ্গ টেনে রামদেব বলেন, এসব ঘটনা মানবসভ্যতার ইতিহাসের বড় নিষ্ঠুরতার উদাহরণ। এরপর তিনি বলেন,
“সেই দিনও আসবে, যখন পাকিস্তান, বাংলাদেশ ও আফগানিস্তান আবার ভারতের সঙ্গে একীভূত হবে। শুধু একটু ধৈর্য ধরুন।”
ধর্মান্তর প্রসঙ্গে রামদেব বলেন, হিন্দু, মুসলমান বা খ্রিস্টান- কোনো ধর্মই ভারতে হুমকির মুখে নেই। তাঁর মতে, দেশের সম্মান, মর্যাদা ও রাষ্ট্রীয় ব্যবস্থার উন্নয়নই এখন বেশি গুরুত্বপূর্ণ।
তিনি ভারতকে বিশ্বের সেরা গণতন্ত্র হিসেবে দেখতে চান বলেও মন্তব্য করেন। একই সঙ্গে অর্থনীতি শক্তিশালী করা, রুপির মূল্য বৃদ্ধি এবং ভারতীয় পাসপোর্টকে আরও শক্তিশালী করার প্রত্যাশা ব্যক্ত করেন।
সনাতন ধর্ম নিয়ে রামদেব বলেন, এতে মৌলিক কোনো ত্রুটি নেই; বরং সামাজিক বৈষম্য ও বিভাজনের জন্য দায়ী কিছু মানুষের আচরণ। ধর্মীয় স্বাধীনতার পাশাপাশি গণতন্ত্রে মতপ্রকাশের স্বাধীনতাও সাংবিধানিক ও নৈতিক সীমার মধ্যে থাকা উচিত বলে মন্তব্য করেন তিনি।
ভারতকে ২০৪৭ সালের মধ্যে উন্নত দেশে পরিণত করতে সরকারকে ধর্ম, শিক্ষা, স্বাস্থ্য, অর্থনীতি ও কৃষিসহ সব ক্ষেত্রে অনিয়ম দূর করে রাষ্ট্রীয় ব্যবস্থার উন্নয়নে গুরুত্ব দেওয়ার আহ্বান জানান রামদেব।