হরমুজ প্রণালি নিয়ে ইরান ও ওমানের আলোচনায় বাধা সৃষ্টি হলে ওমানে বোমা হামলার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে ইরানকে আত্মসমর্পণের প্রতীক ‘সাদা পতাকা’ তোলার আহ্বান জানিয়েছেন তিনি।
সোমবার (১৭ আগস্ট) মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজের সাংবাদিক ট্রে ইংস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প এসব মন্তব্য করেন।
হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নিয়ে বর্তমানে ইরান ও ওমানের মধ্যে দ্বিপাক্ষিক আলোচনা চলছে। পাশাপাশি যুক্তরাষ্ট্রও এ বিষয়ে নিজস্ব উদ্যোগে আলোচনা চালিয়ে যাচ্ছে। এ প্রসঙ্গে ট্রাম্প বলেন, ওমান যদি তাদের উদ্যোগে বাধা হয়ে দাঁড়ায়, তাহলে দেশটির ওপর বোমা হামলা চালানো হবে।
সাক্ষাৎকারের বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ট্রে ইংস্ট জানান, ইরানের উদ্দেশে ট্রাম্প আরও বলেছেন, তাদের উচিত ‘আত্মসমর্পণের সাদা পতাকা তুলে ধরা’।
হরমুজ প্রণালি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ। এ অঞ্চলে উত্তেজনা বাড়লে আন্তর্জাতিক জ্বালানি বাজার ও বৈশ্বিক বাণিজ্যে এর বড় ধরনের প্রভাব পড়তে পারে।
সূত্র: আল জাজিরা