ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী পূজা চেরির বিয়ে নিয়ে নতুন করে গুঞ্জন ছড়িয়েছে। দেশের পরিচিত এক ব্যবসায়ীর সঙ্গে গোপনে তার বিয়ে হয়েছে, এমন খবর ঘুরছে সামাজিক যোগাযোগমাধ্যমে। তবে এ বিষয়ে এখনো পূজা চেরির কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।
এর আগে চলতি বছরের শুরুতেও অভিনেত্রীর ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনা তৈরি হয়েছিল। প্রায় দুই বছর আগে গোপনে বাগদান করেছেন, এমন গুঞ্জন ছড়িয়ে পড়ার পর এক সাক্ষাৎকারে পূজা নিজেই জানিয়েছিলেন, তিনি এনগেজড। পারিবারিকভাবে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে চান বলেও জানিয়েছিলেন এই অভিনেত্রী। তবে তখনও বাগদত্তার পরিচয় প্রকাশ করেননি তিনি।
সম্প্রতি নিজের অভিনীত কয়েকটি সিনেমার পোস্টারের সঙ্গে ছবি প্রকাশ করেন পূজা চেরি। ক্যাপশনে তিনি লেখেন, ‘প্রতিটি চরিত্র আমাকে নতুন কিছু শিখিয়েছে, প্রতিটি সিনেমা আমাকে আরও শক্ত করেছে। তবে বলুন তো, কোনটি এখানে নেই অনুমান করতে পারেন?’
পূজার এমন পোস্ট ঘিরেও ভক্তদের মধ্যে নানা জল্পনা তৈরি হয়েছে। কেউ কেউ এটিকে নতুন সিনেমার ইঙ্গিত হিসেবে দেখছেন, আবার কারও ধারণা, অভিনেত্রীর জীবনে নতুন কোনো অধ্যায় শুরু হতে যাচ্ছে। তবে পোস্টে বিয়ে বা ব্যক্তিগত সম্পর্ক নিয়ে সরাসরি কোনো ইঙ্গিত দেননি পূজা।
‘পোড়ামন টু’ সিনেমার মাধ্যমে নায়িকা হিসেবে পরিচিতি পাওয়া পূজা চেরিকে সর্বশেষ দেখা গেছে ‘দম’ সিনেমায়। তবে তার বিয়ের গুঞ্জন সত্য কি না, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।