কয়েক ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বারের মতো শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে ইন্দোনেশিয়া। স্থানীয় সময় শনিবার ভোরে ৭ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পের পর সন্ধ্যায় উত্তর সুমাত্রা প্রদেশে ৬ দশমিক ৪ মাত্রার আরেকটি ভূমিকম্প আঘাত হানে।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় শনিবার সন্ধ্যা ৫টা ৫৪ মিনিটে উত্তর সুমাত্রায় ভূমিকম্পটি অনুভূত হয়। ইন্দোনেশিয়ার আবহাওয়া অফিস, জলবায়ু ও ভূ-পদার্থবিদ্যা সংস্থা (বিএমকেজি) জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল সিমালুংগুন এলাকা থেকে প্রায় ১১ কিলোমিটার দক্ষিণ-পূর্বে এবং ভূপৃষ্ঠের ১৬৩ কিলোমিটার গভীরে।
ভূমিকম্পের কম্পন উত্তর সুমাত্রার বিভিন্ন এলাকায় অনুভূত হলেও এতে কোনো সুনামির আশঙ্কা নেই বলে জানিয়েছে বিএমকেজি। সর্বশেষ কম্পনে তাৎক্ষণিকভাবে নতুন করে হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
এর আগে শনিবার ভোরে ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলে ৭ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। ওই ভূমিকম্পে এখন পর্যন্ত অন্তত ৩৮ জন নিহত হওয়ার তথ্য নিশ্চিত করা হয়েছে।
একই দিনে পরপর শক্তিশালী ভূমিকম্প আঘাত হানায় দেশটির বিভিন্ন অঞ্চলে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি পর্যবেক্ষণ করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।