জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর মিনা চান মারা গেছেন। মার্কিন সাময়িকী পিপলের প্রতিবেদনের বরাতে জানা গেছে, গত মঙ্গলবার (১১ আগস্ট) তার পরিবারের পক্ষ থেকে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়।
পরিবারের পক্ষ থেকে ইনস্টাগ্রাম স্টোরিজে দেওয়া এক পোস্টে মিনা চানের মৃত্যুর খবর জানানো হয়। সেখানে বলা হয়, মাত্র দুই দিন আগে তার ২৬তম জন্মদিন হওয়ার কথা ছিল। পরিবারের সদস্যরা জানিয়েছেন, তারা মিনা চানের মরদেহ দেশে ফিরিয়ে আনতে পেরেছেন।
দক্ষিণ কোরিয়ায় বসবাসকারী এই তরুণীর মৃত্যুকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা চলছে। বিভিন্ন অনলাইন পোস্টে দাবি করা হয়েছে, মৃত্যুর আগে তিনি লাইভে ছিলেন। তবে তার মৃত্যুর পরিস্থিতি নিয়ে ছড়িয়ে পড়া বিভিন্ন তথ্যের সত্যতা যাচাই করে দেখছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
ইয়াংসান পুলিশ কর্তৃপক্ষের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, সিউলে নিজ বাসভবন থেকে এক তরুণীকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। স্থানীয় সময় ভোর ৫টা ৩৩ মিনিটের দিকে তাকে উদ্ধার করা হয় বলে জানা গেছে। তার মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত চালিয়ে যাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী।
এর আগে গত ৫ আগস্ট মিনা চানের বোন ইনস্টাগ্রাম স্টোরিজে তার মৃত্যুর খবর জানান। পরে ওই পোস্টের একটি স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। সেখানে বোন তার প্রিয় বড় বোনের মৃত্যুতে শোক প্রকাশ করে তাকে শান্তিতে থাকার প্রার্থনা জানান।
পরিবারের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে মিনা চানকে নিয়ে করা কিছু কঠোর ও নেতিবাচক মন্তব্য তাকে মানসিকভাবে গভীরভাবে আঘাত করেছিল।
মিনা চানের টিকটক অ্যাকাউন্ট বর্তমানে নিষ্ক্রিয় রয়েছে। মৃত্যুর আগে সেখানে তার তিন লাখের বেশি অনুসারী ছিল। ইনস্টাগ্রামেও তার অনুসারীর সংখ্যা ছিল দেড় লাখের বেশি। কে-পপ ব্যান্ড ‘এনহাইপেন’-এর ভক্ত হিসেবে পরিচিত মিনা নিয়মিত লাইফস্টাইল, ফ্যাশন ও কসমেটিক্স নিয়ে বিভিন্ন ধরনের কনটেন্ট তৈরি করতেন।
তার মৃত্যুতে সামাজিক যোগাযোগমাধ্যমে অনুসারী ও ভক্তদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।