অপকর্মের খবর প্রকাশ, শার্শায় সাংবাদিকদের বিরুদ্ধে পাল্টা অভিযোগ

শার্শা (যশোর) সংবাদদাতা

সারাদেশ

যশোরের শার্শায় সাংবাদিক পরিচয়দানকারী আসাদুজ্জামান আসাদের বিরুদ্ধে চাঁদাবাজি, প্রতারণা ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে সংবাদ প্রকাশের পর সাত সাংবাদিকের বিরুদ্ধে পাল্টা

2026-08-12T18:24:27+00:00
2026-08-12T18:24:27+00:00
  বুধবার, ১২ আগস্ট ২০২৬,
২৮ শ্রাবণ ১৪৩৩
 
বুধবার, ১২ আগস্ট ২০২৬
সারাদেশ
অপকর্মের খবর প্রকাশ, শার্শায় সাংবাদিকদের বিরুদ্ধে পাল্টা অভিযোগ
শার্শা (যশোর) সংবাদদাতা
বুধবার, ১২ আগস্ট, ২০২৬, ৬:২৪ পিএম 
সংগৃহীত ছবি
যশোরের শার্শায় সাংবাদিক পরিচয়দানকারী আসাদুজ্জামান আসাদের বিরুদ্ধে চাঁদাবাজি, প্রতারণা ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে সংবাদ প্রকাশের পর সাত সাংবাদিকের বিরুদ্ধে পাল্টা অভিযোগ দেওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় স্থানীয় সাংবাদিকদের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ দেখা দিয়েছে।

পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শার্শার বাগআঁচড়া এলাকার আসাদুজ্জামান আসাদের বিরুদ্ধে প্রতারণা ও চাঁদাবাজির অভিযোগে একাধিক লিখিত অভিযোগ রয়েছে। এসব অভিযোগের ভিত্তিতে স্থানীয় ও জাতীয় বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়।

শার্শা থানায় করা এক লিখিত অভিযোগে আছিয়া খাতুন শিমুল নামে এক নারী দাবি করেন, বিদেশে পাঠানোর কথা বলে আসাদুজ্জামান আসাদ ও তার স্ত্রী তার পরিবারের কাছ থেকে ১০ লাখ টাকা নেন। পরে টাকা ফেরত চাইলে তাকে মারধর ও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয় বলে অভিযোগ করেন তিনি। এ ঘটনায় চিকিৎসাসংক্রান্ত কাগজপত্রও থানায় জমা দেওয়া হয়েছে বলে জানা গেছে।

এ ছাড়া আম ব্যবসায়ী আবু সিদ্দিক অভিযোগ করেন, ফরমালিন ব্যবহারের অভিযোগ তুলে ভয়ভীতি দেখিয়ে তার কাছ থেকে ৫ হাজার টাকা চাঁদা নেওয়া হয়েছে। শার্শার বাগআঁচড়া বাজারের হোটেল ব্যবসায়ী মো. জামাল হোসেনও তার প্রতিষ্ঠানে গিয়ে ৫০ হাজার টাকা চাঁদা দাবি এবং টাকা না দিলে প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়ার হুমকি দেওয়ার অভিযোগ করেছেন।

এসব অভিযোগের ভিত্তিতেই বিভিন্ন গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশ করা হয়। সংবাদ প্রকাশের পর আসাদুজ্জামান আসাদ সাত সাংবাদিকের বিরুদ্ধে পাল্টা অভিযোগ করেন। তার অভিযোগের পরিপ্রেক্ষিতে যশোরের নাভারণ সার্কেলের সহকারী পুলিশ সুপারের কার্যালয় থেকে শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

অভিযোগের শিকার সাংবাদিকরা হলেন—বাগআঁচড়া প্রেস ক্লাবের সভাপতি ও দৈনিক যশোরের প্রতিনিধি শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক ও এশিয়ান টেলিভিশনের যশোর প্রতিনিধি সেলিম আহম্মেদ, নাভারন প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক রানারের প্রতিনিধি মোফাজ্জল হোসেন রাজু, বেনাপোল বন্দর প্রেসক্লাবের দপ্তর সম্পাদক ও দৈনিক প্রভাতফেরীর প্রতিনিধি মাসুদুর রহমান শেখ, বাগআঁচড়া প্রেস ক্লাবের প্রচার সম্পাদক ও দৈনিক ভোরের ডাকের প্রতিনিধি সোহাগ হোসেন, আইসিটি সম্পাদক ও দৈনিক গ্রামের কাগজের প্রতিনিধি শাহারুল ইসলাম রাজ এবং স্বদেশ বিচিত্রার স্টাফ রিপোর্টার মো. হাসানুল কবির।

স্থানীয় সাংবাদিকদের দাবি, তারা ব্যক্তিগত কোনো বিরোধের কারণে নয়, বরং ভুক্তভোগীদের থানায় দেওয়া লিখিত অভিযোগের ভিত্তিতে সংবাদ প্রকাশ করেছেন। প্রকাশিত সংবাদে কোনো ভুল বা অসঙ্গতি থাকলে প্রচলিত নিয়মে প্রতিবাদ বা সংশোধনের সুযোগ রয়েছে। কিন্তু সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকদের বিরুদ্ধে পাল্টা অভিযোগ দেওয়াকে হয়রানির চেষ্টা হিসেবে দেখছেন তারা।

এ বিষয়ে নাভারণ সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. আরিফ হোসেন বলেন, ‘সাত সাংবাদিকের বিরুদ্ধে একটি অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে প্রতিবেদন দেওয়া হবে।’

তিনি আরও বলেন, ‘আসাদুজ্জামান আসাদের বিরুদ্ধে থানায় একাধিক চাঁদাবাজির অভিযোগ রয়েছে। সেগুলোও তদন্তাধীন। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: