ভারতের ঝাড়খণ্ডের রাজধানী রাঁচিতে বিধানসভা ঘেরাও করতে যাওয়া আন্দোলনকারী শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ ও জলকামান ব্যবহার করেছে পুলিশ।
সোমবার (১০ আগস্ট) এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস ও বিভিন্ন অনিয়মের প্রতিবাদ এবং পরীক্ষাপদ্ধতিতে সংস্কারের দাবিতে কয়েক হাজার শিক্ষার্থী রাঁচিতে জড়ো হন। তারা বিধানসভা ঘেরাওয়ের কর্মসূচি পালন করতে গেলে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ব্যারিকেড দেয়। একপর্যায়ে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে জলকামান নিক্ষেপ ও লাঠিচার্জ করা হয়।
পুলিশ জলকামান ব্যবহার করলে কয়েকজন শিক্ষার্থীকে পানির প্রবল স্রোতের সামনে নাচতে দেখা যায়। এ দৃশ্য ভারতের বিহারের পাটনায় অনুষ্ঠিত নিট আন্দোলনের স্মৃতি ফিরিয়ে এনেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
আন্দোলন ঘিরে রাঁচির গুরুত্বপূর্ণ মোড়গুলোতে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। দূরপাল্লার বাসে তল্লাশি চালানোর পাশাপাশি শহরের অধিকাংশ স্কুলও বন্ধ রাখা হয়েছে।
এদিকে মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন শিক্ষার্থীদের আন্দোলন প্রসঙ্গে লাঠিচার্জের পরিবর্তে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানের কথা বলেছিলেন। তবে তার বক্তব্যের মধ্যেই আন্দোলনকারীদের ওপর পুলিশি পদক্ষেপের ঘটনা ঘটল।
জেপিএসসি ও জেএসএসসি পরীক্ষায় অনিয়মের প্রতিবাদে শিক্ষার্থীদের আন্দোলন ১৬ দিন ধরে চলছে। আন্দোলনকারীরা পুরো বিষয়টির তদন্তে সিবিআইকে যুক্ত করার দাবিতে অনড় রয়েছেন।
অনশনে থাকা শিক্ষার্থী নেতা দেবেন্দ্র মাহাতো ও রবীন্দ্র পাসোয়ান বলেন, সরকার ১৩টি পরীক্ষার মধ্যে মাত্র তিনটি বাতিলের প্রস্তাব দিয়েছে, যা তাদের দাবির তুলনায় পর্যাপ্ত নয়। অন্যদিকে সরকারের পক্ষ থেকে দাবি করা হয়েছে, শিক্ষার্থীদের ৯৮ শতাংশ দাবি মেনে নেওয়া হয়েছে।
নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগে সিআইডির তলবের পর ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশনের (জেপিএসসি) তিন সদস্য পদত্যাগ করেছেন। এর আগে গত ২২ জুলাই সংস্থাটির চেয়ারম্যান এল খিয়াংতেও পদত্যাগ করেন।
মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন আন্দোলনকারীদের আশ্বস্ত করে বলেছেন, পরীক্ষায় অনিয়মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
সূত্র: এনডিটিভি