বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে ঘিরে নতুন করে বিতর্ক তীব্র হয়েছে। বিশ্বকাপের বাণিজ্যিক স্বত্বের অংশ বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রির প্রস্তাবকে কেন্দ্র করে নরওয়ে ফুটবল ফেডারেশন (এনএফএফ) এবার প্রকাশ্যে তাঁর পদত্যাগ দাবি করেছে। তবে একই সময়ে ইনফান্তিনোর প্রতি সমর্থন জানিয়েছে আর্জেন্টিনা, মেক্সিকো, দক্ষিণ আমেরিকার ফুটবল সংস্থা কনমেবল এবং আফ্রিকার ফুটবল সংস্থা (সিএএফ)।
নরওয়ে ফুটবল ফেডারেশনের সভাপতি লিসা ক্লাভনেস সাংবাদিকদের বলেন, বর্তমান পরিস্থিতিতে ফিফাকে স্থিতিশীলভাবে পরিচালনার জন্য প্রয়োজনীয় প্রাতিষ্ঠানিক আস্থা ইনফান্তিনোর আর নেই। তিনি জানান, এনএফএফ পরিচালনা পর্ষদের বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা শেষে তাঁরা আনুষ্ঠানিকভাবে ইনফান্তিনোর পদত্যাগের আহ্বান জানাবেন।
আগামী বছরের মার্চে মরক্কোয় অনুষ্ঠিতব্য ফিফা কংগ্রেসে চতুর্থ ও শেষ মেয়াদের জন্য নির্বাচনে লড়ার কথা রয়েছে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর। ২০১৬ সাল থেকে দায়িত্বে থাকা সুইস-ইতালীয় এই আইনজীবীকে পুনর্নির্বাচিত হতে ২১১ সদস্য দেশের সংখ্যাগরিষ্ঠ ভোট পেতে হবে।
গত সপ্তাহে বিশ্বকাপসহ ফিফার বড় টুর্নামেন্টগুলোর বাণিজ্যিক স্বত্বের অংশ বিক্রির বিতর্কিত পরিকল্পনা প্রকাশ্যে আসার পর ব্যাপক সমালোচনার মুখে পড়েন ইনফান্তিনো। পরে পরিকল্পনাটি প্রত্যাহার করা হলেও বিতর্ক থামেনি।
এদিকে ২০২৬ বিশ্বকাপের অন্যতম আয়োজক মেক্সিকো ফুটবল ফেডারেশন (এফএমএফ) জানায়, ফিফার ২১১ সদস্য দেশের ভোট ছাড়া অন্য কোনো প্রক্রিয়ায় নেতৃত্ব পরিবর্তনের উদ্যোগ তারা সমর্থন করবে না। একই অবস্থান নিয়েছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। সংস্থাটি ইনফান্তিনোর কাছে পাঠানো এক চিঠিতে গত এক দশকে বিশ্ব ফুটবলের উন্নয়ন ও প্রশাসনিক সংস্কারে তাঁর ভূমিকার প্রশংসা করেছে। তবে বিশ্বকাপের বাণিজ্যিক স্বত্ব বিক্রির প্রস্তাবকে তারা ভুল সিদ্ধান্ত বলেও স্বীকার করেছে।
দক্ষিণ আমেরিকার ফুটবল সংস্থা কনমেবলও জানিয়েছে, সদস্য দেশগুলোর ভোট ছাড়া ইনফান্তিনোকে অপসারণের কোনো উদ্যোগ তারা সমর্থন করবে না। একই সঙ্গে আফ্রিকার ফুটবল সংস্থা (সিএএফ) সর্বসম্মতিক্রমে তাঁর নেতৃত্বের প্রতি সমর্থন জানিয়েছে।
অন্যদিকে ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা আগের অবস্থানেই অনড় রয়েছে। সংস্থাটি জানিয়েছে, ফিফার বিভিন্ন প্রতিযোগিতা বর্জনের সিদ্ধান্ত বহাল থাকবে। ইতোমধ্যে ইংল্যান্ড ও আলবেনিয়ার পর ক্রোয়েশিয়া ফুটবল ফেডারেশনও ইনফান্তিনোর প্রতি সমর্থন প্রত্যাহারের ঘোষণা দিয়েছে।
খেলোয়াড়দের বৈশ্বিক সংগঠন FIFPROও ইনফান্তিনোর কঠোর সমালোচনা করেছে। তাদের ভাষ্য, বিশ্বকাপের বাণিজ্যিক স্বত্ব বিক্রির পরিকল্পনা শুধু প্রশাসনিক ব্যর্থতাই নয়, এটি সভাপতির ক্ষমতার অপব্যবহারেরও উদাহরণ।
তবে ফিফার দাবি, প্রস্তাবটি সংস্থার নিয়ম মেনেই উত্থাপন করা হয়েছিল। তাদের মতে, ভুল হয়েছে মূলত সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া ও যোগাযোগে, প্রশাসনিক নীতিমালা লঙ্ঘনের ক্ষেত্রে নয়। এই সংকটের মধ্যেই আগামী মার্চের ফিফা কংগ্রেসে ইনফান্তিনোর পুনর্নির্বাচনের প্রচেষ্টা এখন অনিশ্চয়তার মুখে পড়েছে।