লিওনেল মেসির জোড়া গোলে লিগ কাপের ম্যাচে আতলেতিকো সান লুইসকে ৪-২ গোলে হারিয়েছে ইন্টার মায়ামি। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে শুরুতে পিছিয়ে পড়লেও দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে সহজ জয় তুলে নেয় যুক্তরাষ্ট্রের ক্লাবটি। এই জয়ের পাশাপাশি লিগ কাপের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতার রেকর্ডও নিজের করে নিয়েছেন আর্জেন্টাইন অধিনায়ক।
বুধবার নিউ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের দ্বিতীয়ার্ধে বজ্রপাতের কারণে প্রায় ৩০ মিনিট খেলা বন্ধ ছিল। তবে বিরতির আগে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় ইন্টার মায়ামি।
ম্যাচের চতুর্থ মিনিটেই ডেভিড রদ্রিগেজের গোলে এগিয়ে যায় আতলেতিকো সান লুইস। তবে ১১ মিনিটে নোয়া অ্যালেনের বাড়ানো বল থেকে দারুণ ফিনিশে সমতা ফেরান মেসি। প্রথমার্ধের ৪৪ মিনিটে নিজের দ্বিতীয় গোল করে দলকে এগিয়ে দেন তিনি। স্টপেজ টাইমে মাইকায়েলের গোলেও অ্যাসিস্ট করেন আটবারের ব্যালন ডি'অর জয়ী এই তারকা।
মায়ামির হয়ে বাকি দুটি গোল করেন তেলাস্কো সেগোভিয়া ও মাইকায়েল। পুরো ম্যাচে তিনটি অ্যাসিস্ট করে উজ্জ্বল ছিলেন নোয়া অ্যালেন।
এই জোড়া গোলের মাধ্যমে লিগ কাপে ১২ ম্যাচে মেসির গোলসংখ্যা দাঁড়িয়েছে ১৪। এতে তিনি লস অ্যাঞ্জেলেস এফসির ডেনিস বোয়াঙ্গাকে ছাড়িয়ে টুর্নামেন্টের চার বছরের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা হয়েছেন।
বিশ্বকাপের পর প্রথমবার শুরুর একাদশে নেমেই নিজের স্বভাবসুলভ ছন্দে ফেরেন ৩৯ বছর বয়সী মেসি। এর আগে কলম্বাস ক্রুর বিপক্ষে ড্র হওয়া ম্যাচে বদলি হিসেবে খেলেছিলেন তিনি।
এই জয়ের ফলে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা আট ম্যাচ অপরাজিত থাকল ইন্টার মায়ামি। ২০২৩ সালে মেসির হাত ধরে প্রথমবার লিগ কাপের শিরোপা জিতেছিল ক্লাবটি। গত মৌসুমে ফাইনালে উঠলেও শিরোপা জিততে পারেনি মায়ামি।