ব্রাজিলিয়ান তারকা নেইমার আবারও আলোচনায়, তবে এবার মাঠের পারফরম্যান্সের চেয়ে বেশি তার আচরণ নিয়ে। কোপা দো ব্রাজিলের ম্যাচে প্রতিপক্ষের ভক্ত, খেলোয়াড় ও ক্লাব কর্মকর্তাদের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময়ে জড়িয়ে পড়েন সান্তোসের এই ফরোয়ার্ড।
হেমোর মাঠে শেষ ষোলোর ফিরতি লেগে সান্তোস ১-০ গোলে জয় পেয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে। ম্যাচে শুরুতে একাদশে না থাকলেও দ্বিতীয়ার্ধে বদলি নেমে দলের একমাত্র গোলের অ্যাসিস্ট করেন নেইমার। তবে ম্যাচ শেষে তার আচরণ ঘিরেই শুরু হয় বিতর্ক।
প্রতিপক্ষের সমর্থকদের কটূক্তির মুখে পড়া নেইমার মাঠ ছাড়ার সময় টানেলে গিয়ে হেমোর খেলোয়াড়দের উদ্দেশে পাল্টা মন্তব্য করেন বলে অভিযোগ ওঠে। এ ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন হেমোর সভাপতি কার্লোস আন্তনিও তেসেইরা। তিনি নেইমারের আচরণকে ‘অপেশাদার’ বলে সমালোচনা করেন।
ম্যাচ জয়ের পরও নেইমারের এই আচরণ এখন ব্রাজিলিয়ান ফুটবলে নতুন আলোচনার জন্ম দিয়েছে।