নরসিংদীর মনোহরদীতে কর্মরত সাংবাদিকদের উদ্যোগে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এম.এ মুহাইমিন আল-জিহানকে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়েছে। সোমবার (৩ আগস্ট) বিকেলে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে তাঁকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মনোহরদী প্রেসক্লাবের সভাপতি মো. হারুন অর রশিদ। এতে উপজেলার বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, মনোহরদীতে দায়িত্ব পালনকালে ইউএনও এম.এ মুহাইমিন আল-জিহান প্রশাসনিক দক্ষতা, সততা, জনবান্ধব কর্মকাণ্ড এবং গণমাধ্যমের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রেখে উপজেলার সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তাঁর কর্মনিষ্ঠা, সততা ও মানবিক আচরণ মনোহরদীবাসীর কাছে দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে।
বিদায়ী বক্তব্যে ইউএনও এম.এ মুহাইমিন আল-জিহান সাংবাদিকদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, দায়িত্ব পালনকালে সাংবাদিকদের সহযোগিতা, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং গঠনমূলক সমালোচনা প্রশাসনের কার্যক্রমকে আরও গতিশীল ও জনমুখী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তিনি মনোহরদীবাসীর অব্যাহত উন্নয়ন, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সজিব মিয়া, সাংবাদিক মোহাম্মদ আনোয়ার হোসেন, আসাদুজ্জামান, মোসাদ্দেক, ইসমাইল হোসেন, কামরুল ইসলাম, সুজন, বাকী বিল্লাহ, কামাল উদ্দিন, তাজুল ইসলাম, সেলিমসহ অন্যান্য সাংবাদিকরা।