টানা ভারী বৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলে আবারও ফুলে-ফেঁপে উঠেছে তিস্তা নদী। বুধবার (৫ আগস্ট) সকাল থেকে নীলফামারীর ডিমলার ডালিয়া পয়েন্টে নদীর পানি বিপৎসীমার ১৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে তিস্তা তীরবর্তী নিম্নাঞ্চলে পানি ঢুকতে শুরু করেছে এবং স্থানীয়দের মধ্যে বন্যা ও জলাবদ্ধতার শঙ্কা দেখা দিয়েছে।
ডালিয়া পানি উন্নয়ন বোর্ড সূত্র জানায়, বুধবার সকাল ৯টায় ডালিয়া ব্যারাজ পয়েন্টে তিস্তার পানির সমতল রেকর্ড করা হয় ৫২ দশমিক ২৮ মিটার, যেখানে বিপৎসীমা ৫২ দশমিক ১৫ মিটার। সকাল ৬টা থেকেও একইভাবে পানি বিপৎসীমার ১৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল।
পানি বৃদ্ধির কারণে ডিমলা উপজেলার পূর্ব ছাতনাই, খগাখড়িবাড়ী, টেপাখড়িবাড়ী, খালিসা চাপানী, ঝুনাগাছ চাপানী ও গয়াবাড়ী ইউনিয়নের পাশাপাশি জলঢাকা উপজেলার গোলমুন্ডা, ডাউয়াবাড়ী ও শৌলমারী ইউনিয়নের বিভিন্ন নিম্নাঞ্চলে পানি প্রবেশ শুরু করেছে।
টেপাখড়িবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম সাহিন বলেন, তিস্তার পানি বৃদ্ধি পাওয়ায় নিম্নাঞ্চলের বসতভিটা ও আবাদি জমিতে পানি ঢুকতে শুরু করেছে। পরিস্থিতি অব্যাহত থাকলে ভোগান্তি আরও বাড়তে পারে।
ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী অমিতাভ চৌধুরী জানান, সকাল ৬টা থেকে তিস্তার পানি বিপৎসীমার ১৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে উজানে বৃষ্টিপাত কমে গেলে রাতের দিকে পানি কিছুটা কমে আসতে পারে বলে আশা করা হচ্ছে।