প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ‘আপত্তিকর’ পোস্ট দেওয়ার অভিযোগে নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব পদ থেকে অব্যাহতিপ্রাপ্ত গাজী সালাউদ্দিন তানভীরকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (৪ আগস্ট) রাতে ঢাকার মনিপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বর্তমানে তাকে বগুড়ায় আনা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহীম আলী জানান, গাজী সালাউদ্দিন তানভীরকে ঢাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়েছে। তাকে বগুড়ায় এনে এ বিষয়ে বিস্তারিত জানাতে সংবাদ সম্মেলন করা হবে।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, হবিগঞ্জ ও সিলেটে এনসিপির পথসভায় হামলার অভিযোগকে কেন্দ্র করে কয়েকদিন আগে তানভীর তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে একটি পোস্ট দেন। পোস্টটি নিয়ে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হলে পরে তিনি সেটি মুছে দিয়ে দুঃখ প্রকাশ করেন। তবে এর আগেই পোস্টটির স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
এ ঘটনায় বগুড়া সদর উপজেলা বিএনপির সভাপতি এইচ এস মাফতুন আহমেদ খান রুবেল গত ২ আগস্ট বগুড়া সদর থানায় সাইবার সুরক্ষা আইনে মামলা করেন। মামলায় অভিযোগ করা হয়, তানভীরের পোস্টে প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে মানহানিকর ও উসকানিমূলক মন্তব্য করা হয়েছে, যা জনমনে বিভ্রান্তি ও বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে।
ঘটনার পরিপ্রেক্ষিতে বগুড়া জেলা ছাত্রদল বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে। এ সময় সাতমাথা এলাকায় তানভীরের কুশপুত্তলিকা দাহ, ব্যানার ছেঁড়া এবং তাকে বগুড়ায় অবাঞ্ছিত ঘোষণার কর্মসূচি পালন করা হয়।
উল্লেখ্য, এর আগেও বিভিন্ন অভিযোগকে কেন্দ্র করে গাজী সালাউদ্দিন তানভীর আলোচনায় এসেছিলেন। তবে সর্বশেষ ফেসবুক পোস্টকে কেন্দ্র করে দায়ের হওয়া মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে এবং আইনি প্রক্রিয়ার জন্য বগুড়ায় নেওয়া হচ্ছে।