সরকারের নতুন সিদ্ধান্ত ও লিখিত আশ্বাসের পর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত শিক্ষকরা শাহবাগে চলমান অবস্থান কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় যোগদান ও পদায়নের নতুন সময়সূচি প্রকাশ করার পর রবিবার (২ আগস্ট) বিকেলে আন্দোলনকারীরা এ সিদ্ধান্ত নেন।
সকালে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নেন দেশের বিভিন্ন জেলা থেকে আসা ১৪ হাজার ৩৮৪ জন সুপারিশপ্রাপ্ত শিক্ষকের প্রতিনিধিরা। আগস্টের মধ্যেই যোগদান নিশ্চিত করার দাবিতে তারা সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ ও স্লোগান দেন। কর্মসূচিকে ঘিরে শাহবাগ থানার সামনে পুলিশ ব্যারিকেড ও জলকামান মোতায়েন করা হয় এবং শাহবাগ থেকে টিএসসি অভিমুখী সড়কের একাংশে যান চলাচল ব্যাহত হয়।
আন্দোলনের মধ্যেই প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় নতুন বিজ্ঞপ্তি জারি করে জানায়, পূর্বঘোষিত ২৯ অক্টোবরের পরিবর্তে আগামী ১ অক্টোবর চূড়ান্তভাবে নির্বাচিত ১৪ হাজার ৩৮৪ জন সহকারী শিক্ষক নিজ নিজ জেলার জেলা প্রাথমিক শিক্ষা অফিসে যোগদান করবেন। ২ অক্টোবর তাদের পদায়ন সম্পন্ন করা হবে। পাশাপাশি যথাসময়ে নিয়োগপত্র পাঠানো এবং পরবর্তী সময়ে পেশাগত প্রশিক্ষণের ব্যবস্থার কথাও জানানো হয়।

বিজ্ঞপ্তি প্রকাশের পর আন্দোলনকারীরা সরকারের সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবে উল্লেখ করে জানান, দাবি পূরণের লিখিত ঘোষণা পাওয়ায় তারা কর্মসূচি প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছেন। তবে ঘোষিত সময়সূচি অনুযায়ী দ্রুত নিয়োগ কার্যক্রম সম্পন্ন করার আহ্বানও জানান তারা।
উল্লেখ্য, চলতি বছরের ৮ ফেব্রুয়ারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশ করা হলেও দীর্ঘ প্রায় ১৭৫ দিন পেরিয়ে যাওয়ার পরও সুপারিশপ্রাপ্তরা যোগদান করতে পারেননি। তদন্ত ও প্রশাসনিক জটিলতার কারণে নিয়োগ প্রক্রিয়া বিলম্বিত হয়েছিল বলে জানিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।