দক্ষিণ আফ্রিকার ইস্টার্ন কেপ প্রদেশের কুইন্সটাউনের কাছাকাছি সমো টাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ছয় বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন বাংলাদেশি গুরুতর আহত হয়েছেন। মর্মান্তিক এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে প্রিটোরিয়ায় অবস্থিত বাংলাদেশ হাই কমিশন।
মঙ্গলবার (২৮ জুলাই) বাংলাদেশ হাই কমিশন এক বিবৃতিতে জানায়, ঘটনার পরিপ্রেক্ষিতে দক্ষিণ আফ্রিকায় নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার শাহ আহমেদ শফী ঘটনাস্থল পরিদর্শনের জন্য কুইন্সটাউনের উদ্দেশে রওনা হয়েছেন। তিনি নিহত ও আহত বাংলাদেশিদের বিষয়ে খোঁজখবর নেবেন এবং স্থানীয় প্রশাসন, দক্ষিণ আফ্রিকা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক করবেন।
হাই কমিশন জানায়, বৈঠকে অগ্নিকাণ্ডের তদন্তের অগ্রগতি, সর্বশেষ পরিস্থিতি এবং ক্ষতিগ্রস্ত বাংলাদেশি নাগরিকদের জন্য প্রয়োজনীয় সহায়তা ও পরবর্তী করণীয় নিয়ে আলোচনা হবে। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে সম্ভাব্য সব ধরনের সহায়তা নিশ্চিত করতে হাই কমিশন কাজ করে যাচ্ছে।
বিবৃতিতে নিহতদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা, শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা এবং গুরুতর আহত বাংলাদেশি নাগরিকের দ্রুত সুস্থতা কামনা করা হয়েছে।