সিলেটের গোয়াইনঘাট উপজেলার পূর্ব জাফলং ইউনিয়নের যুবসমাজ পরিচালিত গুচ্ছগ্রাম বে-সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে পৌঁছালে শিক্ষক, শিক্ষার্থী ও পরিচালনা কমিটির সদস্যরা তাকে উষ্ণ অভ্যর্থনা জানান।
পরিদর্শনকালে প্রতিমন্ত্রী বিদ্যালয়ের শ্রেণিকক্ষ, পাঠদান কার্যক্রম, শিক্ষার্থীদের উপস্থিতি এবং সার্বিক অবকাঠামো ঘুরে দেখেন। বিদ্যালয়ের শিক্ষাবান্ধব পরিবেশ ও ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ করে তিনি বলেন, দুর্গম ও সীমান্তবর্তী এলাকায় শিক্ষার আলো ছড়িয়ে দিচ্ছে গুচ্ছগ্রাম বে-সরকারি প্রাথমিক বিদ্যালয়। এখানকার শিশুদের শিক্ষার প্রতি প্রবল আগ্রহ এবং শিক্ষকদের আন্তরিকতা সত্যিই প্রশংসনীয়। বিশেষ করে সুবিধাবঞ্চিত ও প্রান্তিক জনগোষ্ঠীর সন্তানদের মধ্যে শিক্ষার সুযোগ সৃষ্টি করে বিদ্যালয়টি অনন্য ভূমিকা পালন করছে।
তিনি আরও বলেন, টেকসই বাংলাদেশ গঠনে প্রাথমিক শিক্ষার ভিত্তি আরও শক্তিশালী করা আমাদের প্রধান লক্ষ্য। এ বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন এবং শিক্ষার মানোন্নয়নে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দেওয়া হবে।
এর আগে সকাল ১১টায় প্রতিমন্ত্রী গোয়াইনঘাট উপজেলার বল্লাপুঞ্জি সরকারি প্রাথমিক বিদ্যালয়ও পরিদর্শন করেন।
এ সময় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উপপরিচালক মো. আবদুল আলিম, সিলেট বিভাগের ভারপ্রাপ্ত উপপরিচালক এ কে এম সাইফুল হাসান, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাখাওয়াত এরশেদ, গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা রতন কুমার অধিকারী, জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুনন্দা রায়, সহকারী পুলিশ সুপার সালমান নূর আলম, গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুক, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় প্রশাসনের প্রতিনিধি এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।