২০২৬ বিশ্বকাপের পর পর্তুগাল জাতীয় দলে ক্রিশ্চিয়ানো রোনালদোর ভূমিকা সীমিত হতে পারে বলে ইঙ্গিত মিলেছে। একই সঙ্গে আগামী সেপ্টেম্বরে ওয়েলসের বিপক্ষে উয়েফা নেশনস লিগের ম্যাচের পর আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানাতে পারেন পর্তুগিজ এই মহাতারকা—এমন খবর প্রকাশ করেছে একাধিক আন্তর্জাতিক গণমাধ্যম।
স্প্যানিশ ক্রীড়া দৈনিক মার্কা জানিয়েছে, নতুন প্রধান কোচ হোর্হে জেসুসের অধীনে রোনালদো আর নিয়মিত শুরুর একাদশে জায়গা নিশ্চিতভাবে পাবেন না। বয়স ও শারীরিক সক্ষমতা বিবেচনায় তাকে ম্যাচভেদে ব্যবহার করার পরিকল্পনা থাকতে পারে কোচিং স্টাফের।
এ বিষয়ে পর্তুগিজ রেডিও স্টেশন অ্যান্টেনা ওয়ানকে দেওয়া সাক্ষাৎকারে বেনফিকার সাবেক সভাপতি লুইস ফিলিপে ভিয়েইরা বলেন, রোনালদো এখন ক্যারিয়ারের শেষ পর্যায়ে রয়েছেন। তাই কিছু ম্যাচে তিনি খেলবেন, আবার কিছু ম্যাচে বেঞ্চেও থাকতে পারেন। তবে এই পরিস্থিতি সামাল দেওয়ার মতো অভিজ্ঞতা জর্জ জেসুসের রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
ভিয়েইরা আরও বলেন, আল-নাসরে একসঙ্গে কাজ করার সুবাদে জেসুস ও রোনালদোর মধ্যে ভালো বোঝাপড়া রয়েছে, যা জাতীয় দলেও ইতিবাচক প্রভাব ফেলতে পারে।
অন্যদিকে দায়িত্ব নেওয়ার পর ক্যানাল ১১-কে দেওয়া সাক্ষাৎকারে হোর্হে জেসুস স্পষ্ট করে জানিয়েছেন, নতুন কোচ হিসেবে তিনি দলে বড় ধরনের পরিবর্তন আনতে চান না। তার ভাষ্য, অল্প সময়ের মধ্যে অনেক নতুন খেলোয়াড় নিয়ে দল সাজানো সম্ভব নয়। রোনালদো যতদিন ফিট থাকবেন এবং দলের জন্য কার্যকর থাকবেন, ততদিন তাকে বিবেচনায় রাখা হবে।
তবে পর্তুগালের দীর্ঘমেয়াদি পরিকল্পনায় ধীরে ধীরে নতুন প্রজন্মকে সুযোগ দেওয়ার প্রক্রিয়া শুরু হবে বলেই ধারণা করা হচ্ছে। সে কারণে ২০২৬ বিশ্বকাপের পর জাতীয় দলে রোনালদোর ভূমিকা আগের তুলনায় কমে আসতে পারে।
এদিকে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে বলা হয়েছে, আগামী ২৪ সেপ্টেম্বর লিসবনের হোসে আলভালাদে স্টেডিয়ামে ওয়েলসের বিপক্ষে উয়েফা নেশনস লিগের ম্যাচটি হতে পারে রোনালদোর শেষ আন্তর্জাতিক ম্যাচ। ওই ম্যাচের পরই তিনি জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দিতে পারেন।
আন্তর্জাতিক ফুটবলে রোনালদোর অর্জন অনন্য। পর্তুগালের জার্সিতে এখন পর্যন্ত ২৩৩ ম্যাচে ১৪৬ গোল করে আন্তর্জাতিক ফুটবলের ইতিহাসে সর্বোচ্চ ম্যাচ খেলা ও সর্বোচ্চ গোলদাতার রেকর্ড নিজের করে নিয়েছেন তিনি। তার নেতৃত্বেই ২০১৬ সালে প্রথমবারের মতো ইউরো চ্যাম্পিয়ন হয় পর্তুগাল। এছাড়া ২০১৯ ও ২০২৫ সালে দলকে উয়েফা নেশনস লিগের শিরোপাও এনে দেন।
বর্তমানে ৪১ বছর বয়সী রোনালদো সৌদি আরবের ক্লাব আল-নাসরের হয়ে খেলছেন। ২০২৭ সাল পর্যন্ত ক্লাবটির সঙ্গে চুক্তিবদ্ধ এই ফরোয়ার্ডের পেশাদার ক্যারিয়ারে গোলসংখ্যা দাঁড়িয়েছে ৯৭৬। অবসরের আগে এক হাজার গোলের মাইলফলক স্পর্শ করাই এখন তার সবচেয়ে বড় লক্ষ্য বলে ধারণা করা হচ্ছে।