রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল চূড়ান্ত করার প্রক্রিয়ার অংশ হিসেবে আগামীকাল মঙ্গলবার ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের সঙ্গে বৈঠকে বসছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। বৈঠকে রাষ্ট্রপতি নির্বাচনের সময়সূচি ও প্রয়োজনীয় সাংবিধানিক প্রক্রিয়া নিয়ে আলোচনা হতে পারে।
সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার (২৮ জুলাই) সকাল ১১টায় সংসদ ভবনে ভারপ্রাপ্ত স্পিকারের কক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হবে। বিষয়টি নিশ্চিত করেছেন সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া।
উল্লেখ্য, গত ২৪ জুলাই বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাস্থ্যগত কারণে পদত্যাগ করেন। সংবিধান অনুযায়ী স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দেওয়ার পর তিনি দায়িত্ব থেকে অব্যাহতি নেন। এরপর সাংবিধানিক বিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
পদত্যাগপত্রে মো. সাহাবুদ্দিন জানান, ‘অটোনমিক নিউরোপ্যাথি’সহ হৃদরোগ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস ও কিডনি জটিলতার কারণে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করা তাঁর পক্ষে আর সম্ভব নয়।
এদিকে, রাষ্ট্রপতির পদত্যাগের পর স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, সংবিধান অনুযায়ী নির্ধারিত সময়েই রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে। নতুন রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়ে দলের নীতিনির্ধারণী ফোরামে আলোচনা শেষে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।