সৌদি আরবের হামলার পাল্টা জবাবে দেশটির জিজান ও ইয়ানবুর তেল পরিশোধনাগার লক্ষ্য করে হামলা চালিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা।
শনিবার (২৫ জুলাই) সৌদি রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকোর বিভিন্ন অবকাঠামো লক্ষ্য করে এ হামলা চালানো হয় বলে জানিয়েছে হুতিরা।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ছবিতে দেখা যায়, জিজানে আরামকোর একটি স্থাপনা থেকে ধোঁয়ার কুণ্ডলি উঠছে। বার্তা সংস্থা এএফপি ছবিটির সত্যতা যাচাই করেছে।
তবে সৌদি কর্তৃপক্ষ এখন পর্যন্ত এ হামলার বিষয়ে আনুষ্ঠানিক কোনো তথ্য জানায়নি। এর আগে দেশটির সরকার সাধারণ নাগরিকদের জিজান ও ইয়ানবু এলাকায় সতর্ক থাকার নির্দেশ দিয়েছিল।
এর আগে প্রায় দুই সপ্তাহ আগে সৌদি আরব ইরান থেকে আসা একটি বিমানকে ইয়েমেনের রাজধানী সানার বিমানবন্দরে অবতরণে বাধা দেওয়ার চেষ্টা করে। এরপর সৌদি আরব ও হুতিদের মধ্যে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়।
পরবর্তী সময়ে হুতিরা সৌদিতে হামলা চালায় এবং এর জবাবে সৌদিও পাল্টা হামলা চালায়। শনিবারও ইয়েমেনে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পর আরামকোর স্থাপনা লক্ষ্য করে নতুন করে হামলা চালায় হুতিরা।
সূত্র: এএফপি