ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর দিল্লির যন্তর মন্তরে চলমান আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)।
শনিবার (২৫ জুলাই) সন্ধ্যায় এক যৌথ সংবাদ সম্মেলনে এ ঘোষণা দিয়ে আন্দোলনকারীদের নিজ নিজ বাড়িতে ফিরে যাওয়ার আহ্বান জানানো হয়।
ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগই ছিল সিজেপির প্রধান দাবি। সংবাদ সম্মেলনে সিজেপির মুখপাত্র সৌরব দাস ও আশুতোষ রঙ্কার পাশাপাশি কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা ও জিতেন্দ্র সিং উপস্থিত ছিলেন।
সিজেপির পক্ষ থেকে জানানো হয়, সরকারের দেওয়া আশ্বাসের প্রতি আস্থা রেখে তারা ‘সদিচ্ছা’ থেকেই আন্দোলন শেষ করার সিদ্ধান্ত নিয়েছেন।
দলটি জানায়, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পাশাপাশি তাদের অন্যান্য দাবিও সরকার মেনে নিয়েছে। এসব দাবির মধ্যে রয়েছে আন্দোলনকারী শিক্ষার্থীদের বিরুদ্ধে দায়ের করা পুলিশি মামলা প্রত্যাহার, ভবিষ্যতে তাদের হয়রানি না করা এবং নিট প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় আত্মহত্যা করা শিক্ষার্থীদের পরিবারকে নিয়ম অনুযায়ী সর্বোচ্চ ক্ষতিপূরণ দেওয়া।
৩৬ দিন ধরে চলা এই আন্দোলনের পর সরকারের পক্ষ থেকে দাবিগুলো মেনে নেওয়ার আশ্বাস পাওয়ায় সব বিক্ষোভকারীকে শান্তিপূর্ণভাবে আন্দোলনস্থল ছেড়ে বাড়ি ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছে সিজেপি।
সূত্র: এনডিটিভি