আগামীকাল রবিবার জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)। পরে তিনি সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানাবেন।
শনিবার (২৫ জুলাই) বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান।
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির কার্যালয় সূত্রে জানা গেছে, রবিবার সকাল সাড়ে ১১টায় তিনি জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন। এরপর দুপুর সাড়ে ১২টায় শেরেবাংলানগরে পৌঁছে জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করবেন।
এর আগে শুক্রবার (২৪ জুলাই) স্বাস্থ্যগত কারণ দেখিয়ে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেন। সংবিধানের বিধান অনুযায়ী তার পদত্যাগপত্র গৃহীত হওয়ার পর জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ (বীরবিক্রম) ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন।
দায়িত্ব গ্রহণের পর এটিই ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে তার প্রথম আনুষ্ঠানিক শ্রদ্ধা নিবেদনের কর্মসূচি।