নতুন রাষ্ট্রপতি কে হবেন, সে বিষয়ে সিদ্ধান্ত বিএনপির দলের উচ্চপর্যায় থেকেই নেওয়া হবে বলে জানিয়েছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী।
শনিবার (২৫ জুলাই) দুপুরে রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। এ সময় রাষ্ট্রায়ত্ত ১২টি প্রতিষ্ঠানের নবনিযুক্ত চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন।
রিজভী বলেন, নতুন রাষ্ট্রপতি নির্বাচন প্রসঙ্গে দলের অবস্থান ও সিদ্ধান্ত দলের সর্বোচ্চ পর্যায় থেকেই জানানো হবে। একইসঙ্গে পদত্যাগ করা রাষ্ট্রপতির বিচার দাবিতে বিভিন্ন রাজনৈতিক দলের বক্তব্যের বিষয়টিও দলীয় সিদ্ধান্তের আলোকে বিবেচিত হবে বলে উল্লেখ করেন তিনি।
রাষ্ট্রায়ত্ত ১২ প্রতিষ্ঠানে নতুন দায়িত্ব পাওয়া চেয়ারম্যানদের অভিনন্দন জানিয়ে রিজভী আশা প্রকাশ করেন, তারা সততা, দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করবেন এবং জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবেন।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দলের ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের যথাযথ মূল্যায়ন করছেন এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে তাদের সম্পৃক্ত করছেন।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের দায়িত্বপ্রাপ্ত মহাপরিচালক সালাহ্উদ্দিন সরকার, বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাশেদুল হক, বিআইডব্লিউটিসির চেয়ারম্যান এটিএম আবদুল বারী ড্যানী, বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদের নির্বাহী সচিব মো. কামরুজ্জামান দুলালসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা।