ভারতের বহুল আলোচিত ‘নিট’ প্রশ্নপত্র ফাঁসকে কেন্দ্র করে শুরু হওয়া ছাত্র আন্দোলন নতুন মোড় নিয়েছে। আন্দোলনকারীদের নিজেদের পরিচয় হিসেবে ব্যবহার করা ‘তেলাপোকা’ (ককরোচ জনতা পার্টির) প্রতীক দেশজুড়ে আলোচনার জন্ম দেওয়ার পর এবার তার রাজনৈতিক প্রভাবও স্পষ্ট হয়েছে।
আন্দোলনের ক্রমবর্ধমান চাপ, বিরোধীদের সমালোচনা এবং জনমতের তীব্র প্রতিক্রিয়ার মুখে শেষ পর্যন্ত পদত্যাগ করেছেন ভারতের শিক্ষামন্ত্রী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে তিনি পদত্যাগপত্র পাঠিয়েছেন বলে জানিয়েছে এনডিটিভি।
তার এই পদত্যাগকে শিক্ষাব্যবস্থার সংকট ও শিক্ষার্থীদের আন্দোলনের একটি বড় অর্জন হিসেবে দেখছেন অনেকেই।
শনিবার (২৫ জুলাই) আন্দোলনকারী সংগঠন ‘ককরোচ জনতা পার্টির’ (সিজেপি) সঙ্গে কেন্দ্র সরকারের তৃতীয় দফার গুরুত্বপূর্ণ বৈঠকের ঠিক কয়েক ঘণ্টা আগে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) ধর্মেন্দ্র প্রধান নিজের এই সিদ্ধান্তের কথা জানান।
টানা এক মাসেরও বেশি সময় ধরে দিল্লির যন্তর মন্তরে অবস্থান নিয়ে বিক্ষোভ করে আসছিলেন শিক্ষার্থীরা। আন্দোলনরত শিক্ষার্থীদের প্রধান ও অন্যতম শর্তই ছিল শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের বরখাস্ত ও পদত্যাগ।
এর আগে সিজেপি এবং কেন্দ্রের মধ্যকার আলোচনা শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতেই আটকে ছিল। আজ সকালে আন্দোলনকারী দল সিজেপি স্পষ্টভাবে জানিয়ে দেয়, ধর্মেন্দ্র প্রধানকে না সরালে সরকারের সঙ্গে কোনো ধরনের আলোচনা বা সমঝোতা সম্ভব নয়। সেই চাপের মুখে শেষ পর্যন্ত পদত্যাগের পথ বেছে নিতে বাধ্য হলেন শিক্ষামন্ত্রী।