সাহাবুদ্দিনের পদত্যাগ নিয়ে যা বলছে আন্তর্জাতিক গণমাধ্যম

আন্তর্জাতিক

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে গুরুত্বের সঙ্গে প্রকাশিত হয়েছে। এ বিষয়ে শুক্রবার (২৪ জুলাই) প্রতিবেদন প্রকাশ করেছে

2026-07-24T20:06:13+00:00
2026-07-24T20:06:13+00:00
  শনিবার, ২৫ জুলাই ২০২৬,
১০ শ্রাবণ ১৪৩৩
 
শনিবার, ২৫ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
সাহাবুদ্দিনের পদত্যাগ নিয়ে যা বলছে আন্তর্জাতিক গণমাধ্যম
শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬, ৮:০৬ পিএম 
সংগৃহীত ছবি
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে গুরুত্বের সঙ্গে প্রকাশিত হয়েছে। এ বিষয়ে শুক্রবার (২৪ জুলাই) প্রতিবেদন প্রকাশ করেছে রয়টার্স, বিবিসি, সাউথ চায়না মর্নিং পোস্ট, ব্লুমবার্গ, মানিকন্ট্রোল ও ডব্লিউআইওএনসহ বেশ কয়েকটি আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

প্রতিবেদনগুলোতে মূলত মেয়াদ শেষ হওয়ার আগেই রাষ্ট্রপতির দায়িত্ব ছাড়ার সিদ্ধান্ত, তার শারীরিক অসুস্থতা এবং ভারত থেকে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্ভাব্য দেশে ফেরা ঘিরে তৈরি হওয়া নতুন রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরা হয়েছে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ২০২৩ সালের এপ্রিল থেকে দায়িত্ব পালন করা রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন শুক্রবার পদত্যাগ করেন। সংবাদমাধ্যমটি উল্লেখ করে, ২০২৪ সালের আগস্টে ছাত্র আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশে প্রথমে অন্তর্বর্তী প্রশাসন এবং পরে নির্বাচিত সরকার দায়িত্ব নেয়। প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের রাষ্ট্রপতির পদ মূলত আনুষ্ঠানিক, আর নির্বাহী ক্ষমতা প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার হাতে থাকে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনার বাংলাদেশে ফেরার ইচ্ছার কথা প্রকাশ্যে আসার পর রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের ওপর পদত্যাগের চাপ বাড়তে থাকে। বিবিসি বাংলার তথ্য অনুযায়ী, ক্ষমতাসীন বিএনপির শীর্ষ নেতাদের পক্ষ থেকেও তাকে সরে দাঁড়ানোর জন্য চাপ দেওয়া হয়েছিল। যদিও আনুষ্ঠানিকভাবে স্বাস্থ্যগত কারণকে সামনে আনা হয়েছে, তবে রাজনৈতিক পরিস্থিতিকেও এর অন্যতম কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়, ২০২৪ সালের আন্দোলনে নিহতের ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছে। পরে রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে শেখ হাসিনা ডিসেম্বর মাসে দেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনার কথা জানান। এরপর রাষ্ট্রপতির অবস্থান নিয়ে অনিশ্চয়তা তৈরি হয় বলে বিবিসি উল্লেখ করেছে।

সাউথ চায়না মর্নিং পোস্ট রাষ্ট্রপতির প্রেস সচিব সারওয়ার আলমের বরাত দিয়ে জানায়, স্বাস্থ্যগত জটিলতা ও পর্যাপ্ত বিশ্রামের প্রয়োজনের কারণে মো. সাহাবুদ্দিন দায়িত্ব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন। তবে সংবাদমাধ্যমটি কয়েকটি সূত্রের বরাত দিয়ে দাবি করেছে, শেখ হাসিনার দেশে ফেরার পরিকল্পনার পর সরকারের পক্ষ থেকে রাষ্ট্রপতির ওপর পদত্যাগের চাপ তৈরি হয়েছিল।

ভারতীয় সংবাদমাধ্যম মানিকন্ট্রোল তাদের বিশ্লেষণে শেখ হাসিনার সঙ্গে রাষ্ট্রপতির কথোপকথন এবং যোগাযোগের বিষয়টি তুলে ধরে। প্রতিবেদনে দাবি করা হয়, এসব বিষয় তার রাজনৈতিক ভবিষ্যতের ওপর প্রভাব ফেলেছে। একই সঙ্গে বর্তমান সরকার রাজনৈতিক স্থিতিশীলতার বার্তা দিতেই এ সিদ্ধান্ত নিয়েছে বলেও উল্লেখ করা হয়।

ব্লুমবার্গ ও ডব্লিউআইওএনের প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৮ সালের এপ্রিল পর্যন্ত দায়িত্ব পালনের কথা থাকলেও ৭৬ বছর বয়সে মো. সাহাবুদ্দিনের আগাম বিদায় বাংলাদেশের রাজনীতিতে নতুন অধ্যায়ের সূচনা করেছে। তাদের ভাষ্য অনুযায়ী, ২০২৪ সালের ছাত্র আন্দোলনের পর তিনি ছিলেন আগের সরকারের সাংবিধানিক ধারাবাহিকতার অন্যতম প্রতীক।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো আরও জানিয়েছে, বাংলাদেশের সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি স্পিকারের কাছে লিখিত পদত্যাগপত্র জমা দিলে তা কার্যকর হয়। থাইল্যান্ডে চিকিৎসার জন্য থাকা স্পিকার হাফিজ উদ্দিন আহমদ দেশে ফেরার পর তার কাছে পদত্যাগপত্র জমা দেওয়া হয়।

সংবিধানের ১২৩ অনুচ্ছেদ অনুযায়ী, রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ার ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে। সংসদ সদস্যদের ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হন। সংসদে বিএনপির সংখ্যাগরিষ্ঠতা থাকায় দলটির মনোনীত প্রার্থীই পরবর্তী রাষ্ট্রপতি হওয়ার সম্ভাবনা বেশি বলে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো উল্লেখ করেছে।


  বিষয়:   মো. সাহাবুদ্দিন  রাষ্ট্রপতির পদত্যাগ  আন্তর্জাতিক গণমাধ্যম  রয়টার্স  বিবিসি  বাংলাদেশের রাজনীতি 


Loading...
Loading...

আন্তর্জাতিক- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: