পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

ভোরের ডাক ডেস্ক

জাতীয়

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। তার স্বাক্ষরিত পদত্যাগপত্র গ্রহণের পর বিকেল ৫টায় জাতীয় সংসদ ভবনে সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের

2026-07-24T16:31:18+00:00
2026-07-24T16:48:48+00:00
  শনিবার, ২৫ জুলাই ২০২৬,
১০ শ্রাবণ ১৪৩৩
 
শনিবার, ২৫ জুলাই ২০২৬
জাতীয়
পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন
ভোরের ডাক ডেস্ক
শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬, ৪:৩১ পিএম  আপডেট: ২৪.০৭.২০২৬ ৪:৪৮ পিএম
ফাইল ছবি
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। তার স্বাক্ষরিত পদত্যাগপত্র গ্রহণের পর বিকেল ৫টায় জাতীয় সংসদ ভবনে সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। সেখানে পদত্যাগ-পরবর্তী সাংবিধানিক প্রক্রিয়া নিয়ে বিস্তারিত জানানো হবে বলে ধারণা করা হচ্ছে।

রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ায় সংবিধান অনুযায়ী নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হয়ে দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন।

সংবিধানের ৫০(৩) অনুচ্ছেদে বলা হয়েছে, রাষ্ট্রপতি স্পিকারের উদ্দেশে স্বাক্ষরযুক্ত লিখিত পত্রের মাধ্যমে পদত্যাগ করতে পারেন। আর ৫৪ অনুচ্ছেদ অনুযায়ী, রাষ্ট্রপতির পদ শূন্য হলে কিংবা অনুপস্থিতি, অসুস্থতা বা অন্য কোনো কারণে দায়িত্ব পালনে অসমর্থ হলে নতুন রাষ্ট্রপতি দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত স্পিকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করবেন।

এ ছাড়া সংবিধানের ১২৩(২) অনুচ্ছেদ অনুযায়ী, মৃত্যু, পদত্যাগ বা অপসারণের কারণে রাষ্ট্রপতির পদ শূন্য হলে ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে। ৪৮(১) অনুচ্ছেদ অনুযায়ী, জাতীয় সংসদের সদস্যদের ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হন।

বর্তমান জাতীয় সংসদে বিএনপির সংখ্যাগরিষ্ঠতা থাকায় দলটির মনোনীত প্রার্থীই পরবর্তী রাষ্ট্রপতি হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। এ নিয়ে গত কয়েক দিন ধরে বিএনপির শীর্ষ পর্যায়ে আলোচনা চলছিল এবং সম্ভাব্য প্রার্থীদের নামও রাজনৈতিক অঙ্গনে ঘুরে বেড়াচ্ছিল।

এর আগে শুক্রবার দুপুরে চিকিৎসা শেষে থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক থেকে দেশে ফেরেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। যদিও তার দেশে ফেরার কথা ছিল আগামী রোববার, তবে নির্ধারিত সময়ের দুই দিন আগেই তিনি ঢাকায় ফিরে আসেন।

দুপুর সোয়া ১২টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্পিকার বলেছিলেন, রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ে তার কাছে কোনো তথ্য নেই। তিনি জানান, রাষ্ট্রপতি পদত্যাগ করলে স্পিকারের কাছেই পদত্যাগপত্র জমা দেবেন এবং এরপর সংবিধান অনুযায়ী স্পিকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন। একই সঙ্গে ৯০ দিনের মধ্যে জাতীয় সংসদ নতুন রাষ্ট্রপতি নির্বাচন করবে।

গত কয়েক দিন ধরেই রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সম্ভাব্য পদত্যাগ নিয়ে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা চলছিল। সংশ্লিষ্ট একাধিক সূত্র জানিয়েছিল, তিনি পদত্যাগের বিষয়ে মানসিকভাবে প্রস্তুত ছিলেন। এমনকি বৃহস্পতিবার বঙ্গভবনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বিদায়ের প্রস্তুতির বিষয়েও ইঙ্গিত দিয়েছিলেন বলে দাবি করা হয়।

উল্লেখ্য, আওয়ামী লীগ সরকারের আমলে ২০২৩ সালের ২৪ এপ্রিল পাঁচ বছরের মেয়াদে দেশের ২২তম রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন মো. সাহাবুদ্দিন। সেই হিসেবে ২০২৮ সালের এপ্রিল পর্যন্ত দায়িত্বে থাকার কথা থাকলেও মেয়াদ শেষ হওয়ার প্রায় পৌনে দুই বছর আগেই তিনি পদত্যাগ করলেন।

২০২৪ সালের জুলাইয়ের গণ-অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই রাষ্ট্রপতি হিসেবে মো. সাহাবুদ্দিনের অবস্থান নিয়ে রাজনৈতিক অঙ্গনে বিতর্ক শুরু হয়। পরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে বিএনপি ক্ষমতায় আসার পর তার ভবিষ্যৎ নিয়ে আলোচনা আরও জোরালো হয়। শেষ পর্যন্ত পদত্যাগের মাধ্যমে রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদে নতুন অধ্যায়ের সূচনা হলো।


  বিষয়:   রাষ্ট্রপতি  মো. সাহাবুদ্দিন  পদত্যাগ  স্পিকার হাফিজ উদ্দিন আহমদ  জাতীয় সংসদ  নতুন রাষ্ট্রপতি 


Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: