পরবর্তী রাষ্ট্রপতি কে? আলোচনায় যারা

ভোরের ডাক ডেস্ক

জাতীয়

বর্তমান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর প্রচারের পর দেশের পরবর্তী রাষ্ট্রপতি কে হতে পারেন, তা নিয়ে রাজনৈতিক অঙ্গনসহ বিভিন্ন মহলে

2026-07-24T15:51:18+00:00
2026-07-24T17:23:39+00:00
  শনিবার, ২৫ জুলাই ২০২৬,
১০ শ্রাবণ ১৪৩৩
 
শনিবার, ২৫ জুলাই ২০২৬
জাতীয়
পরবর্তী রাষ্ট্রপতি কে? আলোচনায় যারা
ভোরের ডাক ডেস্ক
শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬, ৩:৫১ পিএম  আপডেট: ২৪.০৭.২০২৬ ৫:২৩ পিএম
সংগৃহীত ছবি
বর্তমান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর প্রচারের পর দেশের পরবর্তী রাষ্ট্রপতি কে হতে পারেন, তা নিয়ে রাজনৈতিক অঙ্গনসহ বিভিন্ন মহলে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। সম্ভাব্য রাষ্ট্রপতি হিসেবে সবচেয়ে বেশি আলোচনায় রয়েছেন বিএনপির মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দীর্ঘ রাজনৈতিক জীবনে পরিচ্ছন্ন ভাবমূর্তি ও গ্রহণযোগ্যতার কারণে তাকে এ পদের অন্যতম সম্ভাব্য প্রার্থী হিসেবে দেখা হচ্ছে।

রাষ্ট্রপতি পদে আলোচিত অন্য নামগুলোর মধ্যে রয়েছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন এমপি। তিনি দীর্ঘদিন অসুস্থ থাকার পর সিঙ্গাপুরে চিকিৎসা শেষে নির্বাচনের আগে দেশে ফেরেন। এ ছাড়া সাবেক মন্ত্রী ও জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান এমপি এবং প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের নামও বিভিন্ন মহলে আলোচনা হচ্ছে। তবে নজরুল ইসলাম খানও শারীরিকভাবে অসুস্থ বলে জানা গেছে।

দলীয় সূত্রগুলোর দাবি, পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। বর্তমান ২২তম রাষ্ট্রপতির পদত্যাগ কার্যকর হলে জাতীয় সংসদের পরবর্তী অধিবেশনে ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের সাংবিধানিক প্রক্রিয়া শুরু হবে।

বিএনপির একাধিক নির্ভরযোগ্য সূত্রের ভাষ্য, এবার রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে আমলা বা অরাজনৈতিক কাউকে মনোনয়ন দেওয়ার সম্ভাবনা খুবই কম। অতীতে প্রফেসর ড. ইয়াজউদ্দিন আহম্মেদকে রাষ্ট্রপতি করার সিদ্ধান্তকে দলের জন্য বড় রাজনৈতিক ভুল হিসেবে মূল্যায়ন করা হয়। ‘ওয়ান-ইলেভেন’-পরবর্তী পরিস্থিতিতে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়াও এটিকে একটি বড় ভুল সিদ্ধান্ত বলে প্রকাশ্যে মন্তব্য করেছিলেন।

সংবিধান অনুযায়ী, বর্তমান রাষ্ট্রপতির পদত্যাগের পর নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন।

দায়িত্বশীল সূত্রগুলোর দাবি, মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত হলে বিএনপির মহাসচিব হিসেবে জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে দায়িত্ব দেওয়া হতে পারে। একই সঙ্গে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্বও তার হাতে যেতে পারে বলে আলোচনা রয়েছে। অন্যদিকে, পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হতে পারে বলেও বিভিন্ন সূত্রে জানা গেছে। এ ছাড়া মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনির নামও বিভিন্ন গণমাধ্যমে সম্ভাব্য রাষ্ট্রপতি হিসেবে আলোচনায় এসেছে।

বিএনপির নীতিনির্ধারক নেতারা বলছেন, পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচনকে ঘিরে দলীয় ও রাজনৈতিক মহলে নানা ধরনের আলোচনা চলছে। রাষ্ট্রপতি পদে বিএনপির জ্যেষ্ঠ নেতাদের মধ্য থেকেই কাউকে মনোনয়ন দেওয়া হতে পারে বলে ধারণা করা হচ্ছে। দলীয় সূত্রের মতে, রাষ্ট্রপতি হওয়ার মতো রাজনৈতিক অভিজ্ঞতা ও গ্রহণযোগ্যতা সম্পন্ন একাধিক নেতা বিএনপিতে রয়েছেন। ফলে দলনিরপেক্ষ কোনো ব্যক্তি, পেশাজীবী বা আমলাকে এ পদে আনার সম্ভাবনা খুবই কম।

এ বিষয়ে যোগাযোগ করা হলে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, রাষ্ট্রপতির পদত্যাগ বা নতুন রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে তিনি কোনো তথ্য জানেন না। তবে রাষ্ট্রপতির পদ শূন্য হলে একাধিক নাম আলোচনায় আসা স্বাভাবিক বলেও তিনি মন্তব্য করেন। একই সঙ্গে তিনি বলেন, এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি অসুস্থতা বা অন্য যেকোনো কারণে পদত্যাগ করতে পারেন। সে ক্ষেত্রে তাকে জাতীয় সংসদের স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিতে হবে।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে অপসারণের দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনসহ কয়েকটি রাজনৈতিক দল আন্দোলন করেছিল। তারা বঙ্গভবনের সামনেও কর্মসূচি পালন করে। তবে সম্ভাব্য সাংবিধানিক সংকটের কথা বিবেচনায় নিয়ে তখন অন্তর্বর্তী সরকার রাষ্ট্রপতিকে অপসারণে উদ্যোগ নেয়নি। একই সময়ে বিএনপিও ওই দাবির সঙ্গে একমত হয়নি। পরে বিষয়টি স্তিমিত হলেও সম্প্রতি রাষ্ট্রপতির সম্ভাব্য পদত্যাগের আলোচনা নতুন করে রাজনৈতিক অঙ্গনে গুরুত্ব পেয়েছে।


  বিষয়:   রাষ্ট্রপতি  মো. সাহাবুদ্দিন  মির্জা ফখরুল ইসলাম আলমগীর  বিএনপি  তারেক রহমান  নতুন রাষ্ট্রপতি 


Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: