আবেগঘন বার্তায় জাতীয় দলকে বিদায় বললেন বিশ্বকাপজয়ী ওতামেন্দি

ক্রীড়া ডেস্ক

খেলা

আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলকে বিদায় জানানোর ঘোষণা দিয়েছেন বিশ্বকাপজয়ী অভিজ্ঞ ডিফেন্ডার নিকোলাস ওতামেন্দি। দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানার সিদ্ধান্ত জানিয়ে

2026-07-24T12:09:35+00:00
2026-07-24T12:09:35+00:00
  শনিবার, ২৫ জুলাই ২০২৬,
১০ শ্রাবণ ১৪৩৩
 
শনিবার, ২৫ জুলাই ২০২৬
খেলা
আবেগঘন বার্তায় জাতীয় দলকে বিদায় বললেন বিশ্বকাপজয়ী ওতামেন্দি
ক্রীড়া ডেস্ক
শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬, ১২:০৯ পিএম 
সংগৃহীত ছবি
আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলকে বিদায় জানানোর ঘোষণা দিয়েছেন বিশ্বকাপজয়ী অভিজ্ঞ ডিফেন্ডার নিকোলাস ওতামেন্দি। দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানার সিদ্ধান্ত জানিয়ে তিনি সতীর্থ, কোচিং স্টাফ ও সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তার এই ঘোষণার মধ্য দিয়ে আর্জেন্টিনার ফুটবলের একটি সফল অধ্যায়ের সমাপ্তি ঘটতে যাচ্ছে।

২০২৬ বিশ্বকাপের ফাইনালে হারের হতাশা এখনো পুরোপুরি কাটিয়ে উঠতে পারেননি নিকোলাস ওতামেন্দি। তবে অতীতকে পেছনে ফেলে নতুন অধ্যায় শুরু করার প্রস্তুতি নিচ্ছেন তিনি। এরই মধ্যে রিভার প্লেটের হয়ে অনুশীলনও শুরু করেছেন। আগামীকাল শনিবার বারাকাস সেন্ট্রালের বিপক্ষে ম্যাচ দিয়ে নতুন ক্লাবে তাঁর অভিষেক হওয়ার কথা।

তবে এর আগে আর্জেন্টিনা জাতীয় দলে নিজের অধ্যায়ের ইতি টানলেন এই ডিফেন্ডার। ৩৮ বছর বয়সী ওতামেন্দি আবেগঘন এক বার্তায় ১৭ বছরের বর্ণাঢ্য আন্তর্জাতিক ফুটবলকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানিয়েছেন।

আর্জেন্টিনার জার্সিতে ওতামেন্দি খেলেছেন ১৩৯টি ম্যাচ। ২০২২ বিশ্বকাপ এবং দুটি কোপা আমেরিকার শিরোপাও জিতেছেন। কিছুদিন আগে শেষ হওয়া বিশ্বকাপেও আর্জেন্টিনা দলে ছিলেন। তবে ফাইনালে স্পেনের বিপক্ষে ১–০ গোলে হেরে শিরোপা ধরে রাখতে পারেনি আর্জেন্টিনা।

ইনস্টাগ্রামে জাতীয় দলের হয়ে নিজের সেরা মুহূর্তগুলোর ভিডিও প্রকাশ করে ওতামেন্দি লিখেছেন, ‘আজ আমাকে আমার পুরো ক্যারিয়ারের সবচেয়ে কঠিন কথাগুলো লিখতে হচ্ছে। ছোটবেলা থেকেই আর্জেন্টিনার জার্সি গায়ে চাপানোর স্বপ্ন দেখতাম। আমি আমার আত্মা, অগাধ গর্ব এবং কোটি কোটি আর্জেন্টাইনের কাছে এই জার্সির আবেগ ও দায়িত্বের মূল্য অনুধাবন করেই একে মাঠের লড়াইয়ে আগলে রেখেছি।’

আর্জেন্টাইন এই সেন্টারব্যাক আরও লিখেছেন, ‘ভাগ্যই যেন ঠিক করে রেখেছিল, আমার শেষ ম্যাচ হবে বিশ্বকাপ ফাইনাল। ফলটা অবশ্য আমরা যেভাবে চেয়েছিলাম, সেভাবে হয়নি। তবে আমি মাথা উঁচু করেই বিদায় নিচ্ছি। কারণ জানি, এই দল শেষ সেকেন্ড পর্যন্ত নিজেদের সবটুকু উজাড় করে লড়েছে। মাঠে আমি আমার সবকিছুই দিয়ে এসেছি—এ তৃপ্তি নিয়েই বিদায় নিচ্ছি। কখনো একফোঁটা চেষ্টারও কমতি রাখিনি, কখনো বিশ্বাস হারাইনি। আর এই জার্সিকে জীবনের সবচেয়ে বড় সম্মান হিসেবেই সব সময় অনুভব করেছি।’

ওতামেন্দি নিজের বার্তার ইতি টানেন এভাবে, ‘ধন্যবাদ, আর্জেন্টিনা। বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন পূরণের সুযোগ করে দেওয়ার জন্য তোমার কাছে আমি চিরকৃতজ্ঞ।’

সম্প্রতি ইউরোপে ১৭ বছরের সফল অধ্যায়ের ইতি টেনে আর্জেন্টিনার ঐতিহ্যবাহী ক্লাব রিভার প্লেটে যোগ দিয়েছেন ওতামেন্দি।

ইউরোপে তিনি খেলেছেন পোর্তো, ভ্যালেন্সিয়া, ম্যানচেস্টার সিটি ও বেনফিকার হয়ে। আর্জেন্টিনার হয়ে খেলেছেন চারটি বিশ্বকাপে। জাতীয় দলের হয়ে ১৩৯ ম্যাচে ৮ গোল করেছেন ওতামেন্দি।


  বিষয়:   আর্জেন্টিনা  বিদায়  বিশ্বকাপজয়ী  ডিফেন্ডার নিকোলাস ওতামেন্দি 


Loading...
Loading...

খেলা- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: